তামিম-জিয়া ঢাকাতেই বলে ধারণা ডিএমপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের প্রধান (সিটি) মনিরুল ইসলাম বলেছেন, রাজধানীর গুলশান, কল্যাণপুর ও শোলাকিয়া হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরী ও ব্লগার হত্যায় জড়িত বলে সন্দেহে থাকা চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হক ঢাকাতেই আছেন বলে তাঁদের ধারণা।

আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে মনিরুল ইসলাম এ কথা বলেন। এই ব্রিফিংয়ে তিনি জানান, রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার আরেক পরিকল্পনাকারী ছিলেন মারজান (সাংগঠনিক নাম)। তিনি বাংলাদেশের নাগরিক। হামলাসংক্রান্ত সব ছবি মারজানের আইডি থেকেই বাইরে পাঠানো হয়। তিনি জানান, হামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া হাসনাত ও তাহমিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মনিরুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে দারুস সালাম থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে গ্রেপ্তার হওয়া নব্য জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদ করে গুলশান ও কল্যাণপুরের হামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁরা হলেন আতিকুর রহমান ওরফে আইটি আতিক, মো. আবদুল করিম বুলবুল ওরফে ডা. বুলবুল, আবুল কালাম আজাদ, মতিউর রহমান, শাহিনুর রহমান হিমেল ওরফে তারেক। ঘটনাস্থল থেকে নান্নু, সজীব, ইমরান, জিন্সিসহ কয়েকজন পালিয়ে যান। এসব তাঁদের সাংগঠনিক নাম।

ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ২৫টি ডেটোনেটর, ৮৭৫ গ্রাম জেল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: