তামিম নন, সারোয়ারের নেতৃত্বে হলি আর্টিজানে হামলা: র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনজীর আহমেদ। ফাইল ছবি
বেনজীর আহমেদ। ফাইল ছবি

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরী নন, সারোয়ার জাহানের নেতৃত্বে গুলশানে হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে জঙ্গি হামলা চালানো হয়েছিল। ১ জুলাই রাতের ওই হামলায় দেশি-বিদেশিসহ ২০ জনকে হত্যা করে নব্য জেএমবির জঙ্গিরা।
আজ শুক্রবার দুপুরে এ কথা জানান র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের তথ্যকেন্দ্রে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, এই সারোয়ার জাহান শায়খ আবু ইব্রাহিম আল হানিফ নামে নব্য জেএমবির আমির ছিলেন। তিনি আবদুর রহমান নামেও পরিচিত ছিলেন।
ঢাকার আশুলিয়ার গাজীরচট এলাকার একটি বাড়িতে ৮ অক্টোবর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের অভিযান চলাকালে গুরুতর আহত হন এক জঙ্গি নেতা। পাঁচতলা ওই ভবন থেকে ‘লাফিয়ে পড়ে’ আহত হওয়ার পর তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান বলে জানায় র‍্যাব।

ব্রিফিংয়ে র‍্যাবের মহাপরিচালক বলেন, গুলশান হামলার সাত দিন পর ঈদের দিন শোলাকিয়ায় ঈদগাহ ময়দানে পুলিশের ওপর হামলারও নেতৃত্ব দিয়েছিলেন সারোয়ার জাহান। এই দুটি জঙ্গি হামলাসহ তাঁর নেতৃত্বে মোট ২২টি হামলা চালান নব্য জেএমবির সদস্যরা। এসব হামলায় ৪০ জন মারা যান। হামলার শুরু হয় ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর থেকে গুলশানে সিজার তাবেলা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তবে ২২টি হামলার জন্য অর্থ সংগ্রহ করতে বেশ কয়েকটি স্থানে হামলা চালান নব্য জেএমবির সদস্যরা। এ জন্য ২০১৫ সালের ৩০ আগস্ট চট্টগ্রামে মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতা ইমরানকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই করে তাঁরা। এরপর ৪ সেপ্টেম্বর তাঁরা চট্টগ্রামের বাংলাবাজারে লেংটা বাবা ও তাঁর এক সহযোগীকে হত্যা করেন। মূলত এই দুটি অভিযান সফলভাবে পরিচালিত হওয়ায় সারোয়ার জাহান ওরফে শায়খ আবু ইব্রাহিম আল হানিফকে নব্য জেএমবির শ‌ুরা সদস্যরা শপথ (বাইয়াত) পড়ানোর দায়িত্ব দেন।
আওয়ামী লীগ নেতা ইমরানকে গুলি করে টাকা ছিনতাই ও লেংটা বাবাকে সহযোগীসহ হত্যার পর সারোয়ার জাহানের নির্দেশে নব্য জেএমবির সদস্যরা বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিক ও বিদেশি প্রতিষ্ঠানগুলোয় হামলার পরিকল্পনা করেন। এ ছাড়া গুলশান, বনানী, বারিধারায় বসবাসরত বিদেশি নাগরিকদের ওপর আক্রমণ, হোসনি দালান, মোহাম্মদপুরে শিয়া মসজিদ, মিরপুরে ইমামবাড়াতে আক্রমণের সিদ্ধান্তও নেওয়া হয়। এর পাশাপাশি নব্য জেএমবির ভাষায় ‘তাগুতের সৈনিক’ অর্থাৎ র‍্যাব, পুলিশ, সশস্ত্র বাহিনী ও ‘নাস্তিক ব্লগার’দের যেখানে পাওয়া যাবে, সেখানেই আক্রমণের সিদ্ধান্ত হয়।