তার ও অ্যালুমিনিয়ামের বার জব্দ

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় একটি কারখানা থেকে গতকাল মঙ্গলবার বিপুল পরিমাণ চোরাই তার ও অ্যালুমিনিয়ামের বার জব্দ করেছেন র্যাব-১-এর সদস্যরা। এসব তার ও বারের মূল্য প্রায় ২৫ কোটি টাকা। এ সময় চুরির সঙ্গে জড়িত অভিযোগে ১৩ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন লিটন মিয়া, জব্বার আলী, মো. হাবিবুল্লাহ, কাউছার আহাম্মেদ, দিদার আলী, সুমন মিয়া, আলাল হোসেন, আয়েত উল্লাহ, হোসেন মিয়া, আইয়ুব আলী, নূরুল ইসলাম, মঈন উদ্দিন ও মোবারক হোসেন।
এলাকার লোকজন ও র্যাব-১ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে রোলারে প্যাঁচানো অবস্থায় ওই তারগুলো ট্রাকে করে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) নির্ধারিত গুদামে যাচ্ছিল। কিন্তু তারগুলো গুদামে না নিয়ে কোনাবাড়ী এলাকার স্ট্যান্ডার্ড পোশাক কারখানার পাশে থাকা নামবিহীন একটি কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার চোর চক্রের সদস্যরা প্রতিটি রোলার থেকে তার কেটে চুরি করছে—এ খবর পেয়ে র্যাবের সদস্যরা গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে অভিযান চালান। পরে তিনটি ট্রাকে থাকা বিপুল পরিমাণ অ্যালুমিনিয়াম বার ও তামার তৈরি বিদ্যুতের তার জব্দ করা হয়। জব্দ করা তার ও বারের মূল্য প্রায় ২৫ কোটি টাকা। পরে বিদ্যুতের তার আগুন দিয়ে গলিয়ে সেগুলোকে অ্যালুমিনিয়ামের বার তৈরি করার সময় ১৩ জনকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। ঢাকার মিটফোর্ড এলাকার চোরাই ব্যবসায়ী গোলাম মাওলা কায়েস ও মিটফোর্ড রজনী বোস লেনের মা মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেডের মালিক মো. দিদারের সহযোগীদের নিয়ে ওই তার গলিয়ে বার ও প্লেট আকারে বিভিন্ন বাজারে বিক্রি করছিলেন বলে আটক ব্যক্তিরা জানিয়েছেন।
র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, বিবিয়ানা-কালিয়াকৈর সঞ্চালন লাইন স্থাপনের জন্য কোরিয়া থেকে ওই তার আমদানি করা হয়েছিল। পিজিসিবির নামে আমদানি করা এসব তার চট্টগ্রাম থেকে প্রকল্প এলাকায় পৌঁছানোর আগে কিছু সময়ের জন্য কোনাবাড়ীর ওই অবৈধ কারখানায় নেওয়া হয়। খবর পেয়ে তাঁরা সেখানে অভিযান চালিয়ে ওই তার ও বার জব্দ করেন।