চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা টেলিফোন এক্সচেঞ্জের তার চুরি হওয়ায় গত ১৬ ফেব্রুয়ারি থেকে ১২৭টি সংযোগ (ল্যান্ডফোন) অচল হয়ে পড়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিস স্টেশনের একটি সংযোগও রয়েছে।
উপজেলা টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয় সূত্র জানায়, এক হাজার সংযোগের ধারণক্ষমতার সাতকানিয়া এক্সচেঞ্জে ২৭৫টি সংযোগ চালু ছিল। গত ১৬ ও ২৮ ফেব্রুয়ারি সাতকানিয়া-বাঁশখালী সড়কের মনটানা, পৌরসভা সাইনবোর্ড সেতু ও হাদুর বাড়ি সেতু এলাকায় দুই দফায় এক্সচেঞ্জের তার চুরি হওয়ার কারণে ১২৭টি সংযোগ অচল হয়ে পড়েছে।
সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর লায়েক আলী প্রথম আলোকে জানান, সংযোগ বন্ধ থাকায় ৬ ফেব্রুয়ারি পৌরসভার চরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো সম্ভব হয়নি।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, সংযোগটি চালু করার জন্য টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয়ে কয়েকবার জানানো হয়েছে। তিনি বলেন, সবার জানা সংযোগের নম্বরটি বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের খবর তাৎক্ষণিকভাবে পেতে সমস্যা হচ্ছে।
উপজেলা টেলিফোন এক্সচেঞ্জ সূত্র জানায়, তার চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ ছাড়া জরুরি সংযোগগুলোসহ লাইন চালুর ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আগ্রাবাদ টেলিফোন ভবনে কর্মরত সহকারী প্রকৌশলী নুরুল আমিন প্রথম আলোকে জানান, দুই দফায় তার চুরির ঘটনায় সাতকানিয়ায় কিছু সংযোগ অচল হয়ে পড়েছে। নতুন করে তার টেনে সংযোগ চালু করতে কয়েক দিন সময় লাগতে পারে।