তারকা হোটেলের ঠিকানায় ড্রোন এসেছে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ নভেম্বর আটক করা সাতটি উড়ন্ত যান বা ড্রোন এনেছিল ডেইজ ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। সিঙ্গাপুর এয়ারলাইনসের পণ্য তালিকায় প্রতিষ্ঠানটির কার্যালয় হিসেবে বনানীর ১৭ নম্বর সড়কের যে ঠিকানা উল্লেখ করা হয়েছে, সেটা একটি তারকা হোটেল। ওই হোটেলে এ ধরনের কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয় নেই বলে জানা গেছে।
গতকাল শুক্রবার সরেজমিন ওই ঠিকানায় গেলে হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা জানান, এই হোটেলে পণ্য আমদানি-রপ্তানিকারক কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নেই। এমনকি হোটেল পরিচালনার সঙ্গে মাশকুর রহমান নামে কোনো ব্যক্তি জড়িত নন। আটক করা ড্রোন আনা হয়েছিল মাশকুর রহমানের নামে।
গতকাল মাশকুর রহমানের ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অথচ গত বৃহস্পতিবার রাতে ড্রোন আনার কারণ জানতে চাইলে মাশকুর রহমান কোনো কথা বলতে রাজি হননি।
গত তিন মাসে শাহজালাল বিমানবন্দরে অবৈধভাবে আনা ৩৮টি ড্রোন আটক করে শুল্ক কর্তৃপক্ষ। এর মধ্যে সাতটি ড্রোন চীন থেকে এনেছিল ডেইজ ইন্টারন্যাশনাল। বিমানবন্দরের কার্গো গুদাম থেকে এগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
আমদানি নীতিমালায় ড্রোন আমদানির সুযোগ না থাকায় এ বিষয়ে গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের কাছে নির্দেশনা চেয়ে চিঠি পাঠান ঢাকা কাস্টম হাউসের কমিশনার লুৎফর রহমান। গত শুক্রবার এ নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ঢাকা কাস্টম হাউসের কমিশনার লুৎফর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ড্রোন আমদানির কোনো নির্দেশনাও নেই। তবে যতক্ষণ পর্যন্ত এর আমদানি অবৈধ বলা না হবে, ততক্ষণ পর্যন্ত অবৈধ কার্যক্রমের কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না।