তারকাদের নাম ব্যবহার করে প্রতারণা, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল, অভিনেত্রী ও সেলিব্রিটিদের নাম-ছবি ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের প্রলোভন দেখানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

মডেল, অভিনেত্রী ও সেলিব্রিটিদের নাম-ছবি ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের প্রলোভন দেখাত একটি চক্র। প্রলোভনে পড়ে যারা চক্রটির সঙ্গে যোগাযোগ করে, তাদের সঙ্গে করা হতো প্রতারণা। এমন একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত বুধবার রাজধানীর যাত্রাবাড়ী ও গুলশান থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাসুম বিল্লাহ, বিউটি, সাবিনা আলম ও মো. রুবেল। তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন ও তিনটি ফিচার ফোন জব্দ করা হয়।

চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার মালিবাগে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সিআইডি। সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসেন বলেন, চক্রের সদস্যরা শহরের নামীদামি মডেল, অভিনেত্রী ও সেলিব্রিটিদের নাম ব্যবহার করে মোবাইলে এসএমএস পাঠিয়ে অর্থের বিনিময়ে অনৈতিক কর্মকাণ্ডের প্রলোভন দেখান।

ইমাম হোসেন বলেন, চক্রের সদস্যরা প্রথমে তরুণীদের লক্ষ্যবস্তু বানিয়ে তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। পরে তাঁদের অসহায়ত্বের সুযোগ নিয়ে নানা প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজ করতে বাধ্য করেন।