তারপর আর কিছু জানি না...

‘আমি টেম্পোর পেছনে ছিলাম। চলন্ত অবস্থায় একটি আগুনের গোলা এসে পড়ে। তারপর আর কিছু জানি না...।’ বিড়বিড় করে এভাবেই বিভীষিকাময় সেই মুহূর্তের বিবরণ দিলেন রাজমিস্ত্রি সাদ্দাম হোসেন।
ফেনীর দাগনভূঞার দুধমুখা বাজারের কাছে গত মঙ্গলবার রাতে টেম্পোতে পেট্রলবোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে গুরুতর দগ্ধ হন সাদ্দাম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন, সাদ্দামের চোখ, মুখ, গলা ও দুই হাত পুড়ে গেছে। বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মো. এস খালেদ বলেন, ‘সাদ্দামের শরীরের ১৫ ভাগ পুড়ে গেছে। এখনো আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। দীর্ঘ চিকিৎসা দরকার হবে।’
সাদ্দামের বাড়ি রাজশাহীর পবা উপজেলায়। এক মাস আগে ফেনীর দাগনভূঞা এলাকায় কাজের সন্ধানে এসেছিলেন তিনি। বাড়িতে তাঁর মা-বাবা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে। হাসপাতালে যন্ত্রণায় ছটফট করলেও তাঁর স্ত্রী-সন্তানেরা অবরোধের কারণে চট্টগ্রামে আসতে পারছেন না।
সাদ্দামের স্ত্রী খুশী বেগমের সঙ্গে গতকাল বুধবার মুঠোফোনে কথা হয় এই প্রতিবেদকের। তিনি প্রথম আলোকে বলেন, ‘সকালে স্বামীর এমন সংবাদ শুনে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু অবরোধের কারণে কোনোভাবে পারছি না। আমাকে সে বলেছিল, ২ তারিখের মধ্যে ফিরবে। মেয়ে জুতা আনার বায়না করেছিল। জুতা নিয়ে আসবে বলেছিল। কিন্তু এখন একি হলো!’
খুশী বেগম জানান, সপ্তাহ দুয়েক আগে বাড়িতে পাঁচ হাজার টাকা পাঠিয়েছিলেন সাদ্দাম। আরও টাকা নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। বাবার অপেক্ষায় ছিল মেয়ে সাথী। আর ছেলে রিফাতের বয়স দুই বছর।
সাদ্দামের এই অবস্থার কথা শোনার পর থেকেই কেঁদে চলেছেন তাঁর মা কুলসুম বেগম। মুঠোফোনে তিনি বলেন, ‘আল্লাহ, আমার ছেলের কেন এমন হলো? আমরা তো কোনো অপরাধ করিনি।’