তারাকান্দায় ফজলুল হক কলেজে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে গতকাল বৃহস্পতিবার দুষ্কৃতকারীরা ভাঙচুর করেছে।

কলেজটির একাধিক শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজে একজন শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। ওই দুই পক্ষে উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান কয়েকজন নেতা-কর্মী আছেন। গতকাল বেলা দেড়টার দিকে ৮-১০ জন লোক কলেজে ঢুকে একটি শ্রেণিকক্ষ ও অধ্যক্ষের মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় কলেজে কেউ ছিলেন না।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানায়, শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতাদের বিরোধের জের ধরে কলেজে ভাঙচুরের এ ঘটনা ঘটেছে।

কলেজটির অধ্যক্ষ হোসেন আলী চৌধুরী বলেন, ‘আমি ঢাকায় আছি। ভাঙচুরের খবর শুনেছি। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে, সেটা বলতে পারছি না।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বলেন, ছাত্রলীগের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কলেজের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।