তারাগঞ্জ পশুর হাটে বিক্রেতার কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ হাটে পশু কেনাবেচায় সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বিক্রেতার কাছ থেকেও চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে।
সম্প্রতি তারাগঞ্জ হাটে গরু কিনতে আসা রংপুর কোতোয়ালি থানার পাগলাপীর গ্রামের নুরুজ্জামানের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘১৭ হাজার ২০০ টাকা দিয়ে একটি গরু কিনছি। এর জন্য ৩০০ টাকা খাজনা দিছি।’ ওই গরুর বিক্রেতা সৈয়দপুর উপজেলার খালিশা গ্রামের জহির উদ্দিন বলেন, ‘মোর কাছ থাকিও গরুর রসিদ লেখক চঞ্চল মাহামুদ ৫০ টাকা চাঁদা নিছে।’
রসিদ লেখক চঞ্চল মাহামুদ আবার বলেন, ‘মুই জোর করি টাকা নেও নাই। খুশি হয়া মিষ্টি খাবার জন্য ৪০ টাকা দিছে।’
গাইবান্দার পলাশবাড়ী উপজেলার আয়নাল হোসেন বলেন, ‘মুই ৪ হাজার ৮০০ টাকা দিয়া একটা ছাগল কিনছুন। এ জন্য ৮০ টাকা খাজনা দিছুন।’ ছাগলের বিক্রেতা কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি গ্রামের বিশাদু মিয়া অভিযোগ করেন, তাঁর কাছ থেকেও ছাগলের রসিদ লেখক খয়বার হোসেন ২০ টাকা চাঁদা নিয়েছেন। তবে খয়বার হোসেন বলেন, ‘খুশি হয়ে কেউ টাকা দিলে দোষ কী?’
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, উপজেলায় প্রায় ১৮টি হাটবাজার আছে। এর মধ্যে তারাগঞ্জ হাটেই কেবল পশু বেচাকেনা হয়। প্রতি সোম ও শুক্রবার এ হাটে ১ হাজার থেকে ১ হাজার ২০০ গবাদিপশু বেচাকেনা হয়। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিটি গরু বা মহিষের জন্য ৩০০ ও প্রতিটি ছাগল-ভেড়ার জন্য ক্রেতার কাছ থেকে ৮০ টাকা খাজনা নেওয়ার কথা। কিন্তু বিক্রেতাদের কাছ থেকে কোনো টাকা নেওয়ার নিয়ম নেই। এ নিয়ম অমান্য করে রসিদ লেখকেরা ক্রেতা-বিক্রেতা দুই পক্ষের কাছ থেকেই টাকা আদায় করছেন। তবে ক্রেতাকে রসিদ দেওয়া হলেও বিক্রেতাকে দেওয়া হচ্ছে না।
কুর্শা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কামরুজ্জামান মিলন ও তারাগঞ্জ বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘ইজারাদারের লোক আগে গরু বিক্রেতাদের কাছে ১০০ ও ছাগল বিক্রেতাদের কাছ থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করতেন। আমরা অনুরোধ করার পর গরুপ্রতি ৫০ ও ছাগলপ্রতি ২০ টাকা করে বিক্রেতাদের কাছ থেকে চাঁদা নিচ্ছেন।’
হাট ইজারাদার নুর আমীন বলেন, ‘১ কোটি ৪৬ লাখ টাকায় হাটটি ইজারা নিয়ে বিপদে পড়েছি। আমাকে ক্ষতিগ্রস্ত করতে এক কিলোমিটার দূরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কেল্লাবাড়ী বাজারে একই দিনে আরেকটি পশুর হাট বসানো হয়েছে।’
এ ব্যাপারে ইউএনও গোলাম মওলা বলেন, পশুর হাটে পশু কেনাবেচায় বিক্রেতার কাছে চাঁদা নেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।