তারাগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ১৫
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি গঠনের সময় দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আজাদ রহমান (৩৫) নামের এক কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই ইউনিয়নের কাচনা খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও দলীয় সূত্রে জানা গেছে, আইয়ুব শাহ ও জব্বার শাহ নামে দুই ব্যক্তি ওই ওয়ার্ডের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। ঘটনার দিন দুজনই বহিরাগত লোকজন নিয়ে সভায় যোগ দেন। ওই ওয়ার্ডের কমিটি গঠন করার উদ্দেশ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলামও সেখানে যান। সন্ধ্যায় সভায় শুরুর একপর্যায়ে নজরুল ইসলাম ১ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মী ছাড়া অন্য সবাইকে বেরিয়ে যেতে বলেন। তাঁর এ কথার পর সভাপতি পদপ্রত্যাশী দুই নেতার অনুসারীরা একে অপরকে বাইরে বের করে দিতে চাইলে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে তারাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম বলেন, ভুল বোঝাবুঝির কারণে ওই ঘটনা ঘটেছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস সরকার বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে লিখিত অভিযোগ না দেওয়ায় কোনো মামলা হয়নি।