তারাগঞ্জে আরও দুটি বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে গত শনিবার আরও দুই স্কুলছাত্রীর বিয়ে হয়েছে। এ নিয়ে গত ১৭ দিনে ছয়টি বাল্যবিবাহ হলো।
স্থানীয় কয়েকজন জানান, ৪ অক্টোবর নেকিরহাট গ্রামে এক দিনমজুর তাঁর নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে এবং একই দিনে মাঝাপাড়া গ্রামের এক দিনমজুর তাঁর অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিয়ে দেন। এর আগে ১৮-২৩ সেপ্টেম্বরে তেলীপাড়া ও হাজীপুর গ্রামে চার ছাত্রীকে বিয়ে দেওয়া হয়।
ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রবিউল ইসলাম বলেন, ‘মাঝাপাড়া গ্রামের ওই ছাত্রীর বিয়েতে আমি বাধা দিয়েছিলাম। কিন্তু অভিভাবকেরা পরে গোপনে মেয়েটিকে বিয়ে দেন।’
হাড়িয়ারকুঠি ইউপি সদস্য আনিছার রহমান বলেন, ‘নেকিরহাট গ্রামের মেয়েটির বাবা-মাকে অনেক বুঝিয়ে বাল্যবিবাহ বন্ধ করি। কিন্তু পরে তাঁরা মেয়েটিকে আত্মীয়ের বাড়িতে নিয়ে বিয়ে দিয়েছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাওলা বলেন, ‘আমি বাল্যবিবাহ বন্ধের চেষ্টা করছি। ইতিমধ্যে কয়েকটি বাল্যবিবাহের ঘটনায় বর, কাজি, কনের বাবাসহ ১৭ জনকে সাজা দেওয়া হয়েছে। অভিভাবকেরা গোপনে সন্তানদের বাল্যবিবাহ দিলে আমাদের কিছুই করার থাকে না।’