তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির পাঁচ বস্তা চালসহ গ্রেপ্তার ১
রংপুরের তারাগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির পাঁচ বস্তা চালসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ডাংগীরহাট বাজার থেকে গতকাল শনিবার সন্ধ্যায় ওই চালসহ ব্যবসায়ীকে আটক করা হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হতদরিদ্র লোকজনের মধ্যে ১০ টাকা কেজির চাল বিক্রি করেন হাড়িয়ারকুঠি ইউনিয়নের ডাংগীরহাট এলাকার ডিলার আবদুর রহিম। সন্ধ্যা সাড়ে পাঁচটায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল বাতেন ডাংগীরহাট বাজারে গিয়ে পাঁচ বস্তা (প্রতি বস্তা ৩০ কেজি) চাল ওই বাজারের ব্যবসায়ী ময়েজ উদ্দিনের দোকানে দেখতে পান। এরপর তিনি থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ওই দোকান থেকে পাঁচ বস্তা চালসহ ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। ময়েজ উদ্দিনের বাড়ি জুম্মাপাড়া গ্রামে।
ময়েজ বলেন, ‘ডিলারের কাছ থেকে হতদরিদ্ররা চাল কিনে তা আমার কাছে বিক্রি করেন। এই চাল কেনা অপরাধ, তা আমি জানতাম না।’ তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া বলেন, এ ঘটনায় খাদ্য নিয়ন্ত্রক বাতেন থানায় মামলা করেছেন।