তারাগঞ্জে গৃহবধূর মৃত্যুর ঘটনায় রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার ফারজানা কাওছার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ফারজানার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জগদীশপুর গ্রামের বাসিন্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুন্নবীর ছেলে আবু রায়হান (২৪) দুই বছর আগে প্রেম করে ফারজানা কাওছারকে বিয়ে করেন। ফারজানা পঞ্চগড় সদর উপজেলার বাগানবাড়ি গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে। রায়হান তাঁর বাবা-মায়ের সঙ্গে ফারজানাকে নিয়ে ভাড়া বাসায় রংপুর শহরের সাগরপাড়া এলাকায় থাকতেন। সোমবার রাতে রংপুর শহরের একটি ক্লিনিকে ফারজানার মৃত্যু হয়। গতকাল সকালে ওই গৃহবধূর লাশ দাফনের জন্য জগদীশপুর গ্রামে নিয়ে আসেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন। তাঁর মৃত্যু নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে তাঁদের কয়েকজন বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় পুলিশ গৃহবধূর নাভির নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পায়। এ অবস্থায় লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আবু রায়হান বলেন, হৃদ্রোগে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। ফারজানার ভাই রশিদুজ্জামান বলেন, তাঁর বোনের মৃত্যু কীভাবে হয়েছে তা তাঁরা বলতে পারছেন না।
তারাগঞ্জ থানার এসআই জ্যোতিশ চন্দ্র জানান, লাশের নাভির নিচে আধা ইঞ্চি পরিমাণ কাটা দাগের চিহ্ন রয়েছে। এতে ওই গৃহবধূ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়। এ কারণে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।