তারাগঞ্জে জাল নোটসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে জাল টাকাসহ মাসুদ রানা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত সোমবার রাত আটটায় তারাগঞ্জ হাটের সুপারি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তারাগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া যুবক কুমিল্লার হোমনা উপজেলার জগনাথকান্দি গ্রামের আবদুল আওয়ালের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, কুমিল্লা থেকে আসা তারা কয়েকজনসহ তারাগঞ্জের একজন মিলে জাল টাকা নিয়ে বাজারে নেমেছিলেন। সোমবার রাতে আবদুল হামিদের কাছ থেকে এক কেজি আম কিনে ১ হাজার টাকার একটি নোট দেন মাসুদ। এরপর খায়রুল ইসলামের কাছ থেকে ৪০ টাকার পান-সুপারি কিনে ১ হাজার টাকার আরেকটি নোট দিলে খায়রুলের সন্দেহ হয়। এরপর বাজারের কয়েকজন মিলে বিষয়টি মুঠোফোনে পুলিশকে জানালে পুলিশ মাসুদকে আটক করে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস সরকার বলেন, মাসুদের কাছে ছয়টি ১ হাজার ও আটটি ৫০০ টাকার জাল নোট পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মাসুদকে জেলহাজতে পাঠানো হয়েছে।