তারাগঞ্জে ব্যবহারিক পরীক্ষায় টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে এসএসসি এবং দাখিলের ব্যবহারিক পরীক্ষার্থীদের কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকেরা টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। টাকা না দিলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার শঙ্কায় পরীক্ষার্থী-অভিভাবক কেউ প্রতিবাদও করার সাহস পাচ্ছেন না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার তারাগঞ্জ ও/এ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫১০, তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ কেন্দ্রে ৫২১ এবং তারাগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩১৯ জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পরীক্ষার্থী অভিযোগ করেন, লিখিত পরীক্ষার শেষ দিনেই ব্যবহারিক পরীক্ষার জন্য বিষয় প্রতি ১৫০ টাকা করে নিয়ে যেতে তাদের নিজ বিদ্যালয় ও মাদ্রাসার সংশ্লিষ্ট শিক্ষকেরা বলে দেন। টাকা না দিলে ফেল করিয়ে দেওয়া হতে পারে বলেও হুমকি দেওয়া হয়। তখন বাধ্য হয়ে পরীক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষা গ্রহণের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের হাতে প্রতি বিষয়ের জন্য ১৫০ করে টাকা তুলে দেন।

তারাগঞ্জ ও/এ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, ‘ব্যবহারিক পরীক্ষায় টাকা আদায় এখন ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে।’

নাম প্রকাশ না করা শর্তে তারাগঞ্জ ও/এ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া একজন পরীক্ষার্থী অভিযোগ করে, ব্যবহারিক পরীক্ষার প্রথম দিন টাকা না দেওয়ায় তাকে প্রথমে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। পরে অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের হাতে তুলে দেওয়ার পর শেষ পর্যন্ত তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়।

তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ কেন্দ্রে অংশ নেওয়া কয়েক জন পরীক্ষার্থীর অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, এ কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার নামে টাকা আদায় নতুন কিছু নয়। টাকা না দিয়ে পরীক্ষার্থীরা পার পায় না।

জানতে চাইলে এ কেন্দ্রর সচিব সফিকুল ইসলাম গত শুক্রবার মুঠোফোনে বলেন, ‘আমি কারো কাছ থেকে একটি টাকাও নিইনি। অন্য কেউ টাকা নিলে তার দায় আমি নেবো না।’

তারাগঞ্জ ও/এ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব আলতাফ হোসেনও ব্যবহারিক পরীক্ষার জন্য টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

তারাগঞ্জ ও/এ ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব এসএম আবদুস সালামের সঙ্গে গত শুক্রবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে অবহিত নন বলে জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম মুঠোফোনে বলেন, ‘ব্যবহারিক পরীক্ষায় টাকা আদায় সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।’