তারাগঞ্জে শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে ছয় বছরের এক শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পশ্চিম অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, পশ্চিম অনন্তপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র শামীম হোসেন মঙ্গলবার বেলা দুইটার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। এ সময় ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যার চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে জাহাঙ্গীর পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জেন্নাতি বেগম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে শিশুটির গলায় লম্বায় তিন ইঞ্চি পরিমাণ কেটে গেছে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে জাহাঙ্গীরের স্ত্রী রূপসা বেগম দাবি করেন, ‘আমার স্বামী দীর্ঘদিন মানসিক রোগে ভুগছেন।’
শিশু শামীমেরর মা শারমিন বেগম মুঠোফোনে বলেন, ‘শুনছুন ১০-১২ বছর আগোত ওর (জাহাঙ্গীর) মাথাটা এনা খারাপ আছলিল। এলাতো ভালো। গ্রামের লোকোক ফাসপার (বিপদে ফেলতে) জন্যে মোর কলিজার ধনোক ওয় জবো (জবাই) করি মারি ফেলবার ধরছিলো।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। কিন্তু শিশুটিকে হত্যার চেষ্টার কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীরের স্ত্রীকে থানায় আনা হয়েছে।’