তারাগঞ্জে সরকারি গাছ কাটার অভিযোগ
রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ-বদরগঞ্জ সড়কের পাশ থেকে অবাধে সরকারি গাছ কাটা হচ্ছে। ওই সড়কের পাশ থেকে গত মঙ্গলবার কেটে রাখা দুটি গাছ জব্দ করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ৩০ বছর আগে ওই সড়কের ৪ কিলোমিটার জুড়ে লাগানো হয় আম, রেইন্ট্রিসহ বিভিন্ন প্রজাতির গাছ। কিন্তু চার-পাঁচ বছর ধরে সড়কের পাশের গ্রামের কিছু লোক নিজেদের প্রয়োজনে গাছের ডালপালা কেটে নিয়ে যাচ্ছে। এতে গাছগুলো মরে যাচ্ছে। রাতের আঁধারে মরে যাওয়া গাছগুলোর গোড়ায় গর্ত করে কিছু প্রভাবশালী ব্যক্তি তা কেটে নিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার সকাল সাড়ে আটটায় সড়কটির তারাগঞ্জ চৌপথি এলাকায় সাউথ পয়েন্ট কেজি স্কুলের সামনে থেকে দুটি রেইন্ট্রিগাছ কাটা হয়। ওই স্কুলের প্রধান শিক্ষক শামছুর রহমানের সহযোগিতায় এ দুটি গাছ কাটা হয়। খবর পেয়ে পুলিশ গাছ দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে শামছুর রহমান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘ওই গাছ দুটি আমাদের স্কুলের জমির সীমানার মধ্যে ছিল। না বুঝে এলাকার লোক অভিযোগ করেছেন। এখন ব্যস্ত। পরে কথা বলব।’
সরেজমিনে দেখা গেছে, ওই সড়কের তারাগঞ্জ পুরোনো চৌপথি থেকে ধোলাইঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার তারাগঞ্জ অংশে লাগানো আম, রেইন্ট্রিগাছের বেশির ভাগেরই ডালপালা নেই। ডালপালা কাটায় ইতিমধ্যে তিন শতাধিক গাছ শুকিয়ে গেছে।
ওই রাস্তার পাশের ধালাইঘাট গ্রামের কৃষক সোহেল রহমান বলেন, সড়কটির পাশে বাড়িঘর না থাকায় যে যেভাবে পারে, সেভাবে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। কুর্শা গ্রামের জিয়াউর রহমান বলেন, আগে ওই সড়কের আমগাছগুলোতে প্রতিবছর আম ধরত, যা এলাকার সবাই খাওয়ার পাশাপাশি বাজারেও বিক্রি করত। কিন্তু স্থানীয় কিছু লোক ডালপালা কাটায় গাছগুলো মরে যাচ্ছে।
রংপুর জেলা পরিষদের সদস্য শাহিনুর ইসলাম বলেন, ‘গত মঙ্গলবার ওই সড়কের দুটি গাছ কাটার বিষয়ে আমাকে মুঠোফোনে জানানো হয়েছে।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, এসব গাছের মালিক রংপুর জেলা পরিষদ। জেলা পরিষদ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলুফা সুলতানা বলেন, ‘এসব সরকারি গাছ দেখার দায়িত্ব সবার। আমাদের লোকজনও দেখছেন। গাছ কাটা ব্যক্তিদের ধরতে পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা পরিষদের চেয়ারম্যান সাফিয়া খানম গতকাল বিকেল পাঁচটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গাছ কাটার বিষয়টি শুনেছি। এখন মিটিংয়ে আছি। পরে কথা বলব।’