তারাগঞ্জে সরকারি বিধি রক্ষায় নেওয়া হচ্ছে ভুয়া ভাউচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে টিআর প্রকল্পের চাল নিয়ে বিড়ম্বনায় পড়েছেন প্রকল্প চেয়ারম্যানরা। প্রকল্পের জন্য বরাদ্দ করা চাল বাজারে ১৪-১৫ হাজার টাকা টন দরে বিক্রি হচ্ছে। সরকারও খোলাবাজারে (ওএমএস) ডিলারের মাধ্যমে প্রতি টন চাল ১৫ হাজার টাকা দামে বিক্রি করছে। অথচ টিআর প্রকল্পের চেয়ারম্যানদের সরকারি বিধির কারণে প্রতি টন চলের মূল্য ৩৬ হাজার ৩৩৫ টাকা ৫০ পয়সার ভাউচার দিতে হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বিশেষ ও সাধারণ টিআর প্রকল্পের আওতায় তারাগঞ্জে প্রথম পর্যায়ে ২২৩ টন চাল বরাদ্দ মেলে। ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের ২০১৫ সালের পরিপত্র মোতাবেক এই চাল বিক্রি করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সংস্কার, সৌরবিদ্যুতের সোলার প্যানেল স্থাপন ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান উন্নয়ন ও মেরামতকাজে ব্যয় করা যাবে।

পিআইওর কার্যালয়ের কর্মচারী আবদুল খালেক জানান, পরিপত্র অনুযায়ী তারাগঞ্জে ২২৩ টন চালের বিপরীতে ১৭৭টি প্রকল্প গ্রহণ করা হয়। নির্দেশনা অনুযায়ী প্রকল্পের কাজ ৩০ মার্চের মধ্যে শেষ হয়েছে। এরই মধ্যে অনেক প্রকল্প কমিটি প্রকল্পের ভাউচার পিআইওর কার্যালয়ে দাখিল করেছে।

আলমপুর ইউনিয়নের চকতাহিরা ডাঙ্গাপাড়া জামে মসজিদ সংস্কারের জন্য এক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ওই প্রকল্পের চেয়ারম্যান রেজাউল করিম জানান, বরাদ্দ পাওয়ার পর বিধি অনুযায়ী পাঁচ সদস্যের একটি প্রকল্প কমিটি গঠন করা হয়। গত ২০ মার্চ পিআইওর দপ্তর থেকে চাল বরাদ্দের আদেশ নিয়ে তিনি উপজেলা খাদ্য কার্যালয়ে যান। সেখান থেকে এক টন চাল নিয়ে বাজারে তিনি বিক্রি করেন ১৫ হাজার টাকায়। এই টাকায় তিনি মসজিদ সংস্কার করেন। পরে ভাউচার তৈরি করে তা পিআইওর দপ্তরে জমা দিতে গেলে অফিস সহকারী আবদুল খালেক জানান, এক টন চালের দাম বাবদ ৩৬ হাজার ৩৩৫ টাকা ৫০ পয়সার ভাউচার দিতে হবে। এতে বেকায়দায় পড়েন তিনি। এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে আবদুল খালেক সরকারি বিধি বের করে দেখান। বাধ্য হয়ে তিনি ও প্রকল্প কমিটির অন্য সদস্যরা ভুয়া ভাউচারে সই করেন।

রেজাউল করিম বলেন, ‘আগোত জানলে এ চাল মুই নিনু না হয়। জানিশুনি মোক ২১ হাজার ৩৩৫ টাকা ৫০ পয়সার ভুয়া ভাউচার দিবার নাগিল।’

ছালাবোনা পাড়া ফোরকানিয়া মাদ্রাসা সংস্কার প্রকল্পের চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, ‘আমরা মাদ্রাসা সংস্কারের জন্য এক টন চাল পেয়ে তা ১৫ হাজার টাকা বিক্রি করেছি। আর ভাউচার জমা দিতে হয়েছে ৩৬ হাজার ৩৩৫ টাকা ৫০ পয়সার।’

কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম বলেন, ‘সরকারের নীতিমালা মানতে আমরা বাধ্য। কিন্তু বাস্তবতাও বুঝতে হবে। সরকার খোলাবাজারে ডিলারের মাধ্যমে চাল বিক্রি করছে ১৫ হাজার টাকা টন। আর সরকারি বিধির কারণে টিআর প্রকল্পের চেয়ারম্যানদের অতিরিক্ত প্রায় ২১ হাজার ৩৩৫ টাকা ৫০ পয়সার ভুয়া ভাউচার প্রতি টনে দিতে হয়েছে।’

পিআইও রেফাউল আজম মুঠোফোনে বলেন, ‘এখানে আমাদের করণীয় কিছু নেই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ৩৬ হাজার ৩৩৫ টাকা ৫০ পয়সার ভাউচার প্রকল্প চেয়ারম্যানদের কাছ থেকে জমা নেওয়া হচ্ছে।’