তারাগঞ্জে স্বামী নিয়ে বিপাকে গৃহবধূরা
তিন সন্তানের মা হয়েছেন মনোয়ারা বেগম (৩৫)। দেড় বছর আগেও তাঁর সংসারে সুখ ছিল। স্বামী ছাইদার রহমান ভ্যান চালাতেন। সেই কাজ ছেড়ে ছাইদার ধীরে ধীরে জুয়ার নেশায় পড়েন। সবার অগোচরে একদিন ভ্যানটিও বিক্রি করে দেন। আর সেই টাকা জুয়া খেলে নষ্ট করেন।
এখন ছাইদারের হাত পড়েছে সংসারের টুকিটাকি জিনিসের ওপর। এভাবেই সংসারের দুর্দশার কথা জানালেন রংপুরের তারাগঞ্জ উপজেলার মেনানগর গ্রামের মনোয়ারা। মনোয়ারা বলেন, পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও ছাইদারকে জুয়ার নেশা (তিন তাস) ছাড়াতে পারেননি। ভ্যান বিক্রির পর ঘরের খাট বিক্রি করেও জুয়া খেলে নষ্ট করেছেন। তিনি এখন ঠিকমতো বাসায় আসেন না, বাজার-সওদাও করেন না। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে এখন মনোয়ারাকে সংসার চালাতে হয়।
একই অবস্থা উপজেলার ফকিরপাড়া গ্রামের গৃহবধূ আয়শা খাতুনের (৩৭)। তাঁর স্বামী আনোয়ার হোসেন ইকরচালী বাজারে পান-সিগারেটের দোকান দিয়েছিলেন। ২১ শতক জমি আর দুটি গাভি ছিল তাঁর। জুয়ার নেশায় পড়ে তাঁর স্বামীও একে একে বিক্রি করে দেন সবকিছু। আয়শা এখন অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। শুধু মনোয়ারা আর আয়শা নন, স্বামী নিয়ে এমন বিপাকে পড়েছেন উপজেলার পাঁচটি ইউনিয়নের অনেক গৃহবধূ।
জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ইকরচালী ইউনিয়নের শেষ সীমান্তে নীলফামারীর কিশোরগঞ্জের কদমেরতল এলাকায় এবং মোফা সরকারের বাঁশঝাড়ে কাটটি ও তিন তাসের জুয়া খেলা চলছে। খেলায় যোগ দেওয়া লোকজন মধ্য ও নিম্নবিত্ত পরিবারের। প্রতিদিন তাঁরা ওই স্থানে জুয়া খেলেন। অনেকেই মুঠোফোন, বাইসাইকেল, সংসারের জিনিসপত্র বন্ধক রেখেও সেখানে জুয়া খেলেন।
তারাগঞ্জের সরকারপাড়া গ্রামের সাদেকুল ইসলামের স্ত্রী নিলিফা খাতুন (২৯) বলেন, ‘জুয়া মোর সংসার নড়বড়া করি দিছে। কামকাজ না করি মোর স্বামী কদমেরতলের ঝাড়োত যেয়া দিন-রাইত খালি জুয়া খেলায়। এই জন্যে মোক মাইনসের বাড়িত কাম করি খাবার নাগেছে।’
মণ্ডলপাড়া গ্রামের মালেকা খাতুন বলেন, ‘মোর বাড়ির সামনোত মোফা সরকারের বাঁশঝাড়োত সকাল থাকি রাইত পর্যন্ত জুয়া খেলা চলে। জুয়া খেলার নিষেধ করলেও ওমরা (জুয়াড়িরা) শোনে না। মোক গালিগালাজ করে।’
ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রবিউল বলেন, ‘জুয়া যে স্থানে চলছে, সেটি হলো কিশোরগঞ্জ। তারাগঞ্জের লোকজন সেখানে জুয়া খেলে নিঃস্ব হচ্ছে। জুয়া খেলা বন্ধের জন্য ব্যবস্থা নিতে মাস দুই আগে মণ্ডলপাড়ার কয়েকজন নারী আমাকে অনুরোধ করেছিলেন। বিষয়টি আমি মুঠোফোনে কিশোরগঞ্জ থানার পুলিশকে বলেছি। কিন্তু এখনো জুয়া বন্ধ হয়নি।’ ইকরচালীর সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন গতকাল শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জুয়া বন্ধের জন্য তারাগঞ্জের আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি দুই মাস আগে উপস্থাপন করেছিলাম। তারাগঞ্জের ইউএনও স্যারকে বিষয়টি কিশোরগঞ্জের ইউএনওকে ও পুলিশকে বলতে বলেছি।’
কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ বলেন, ‘বিষয়টি জানা না থাকায় ব্যবস্থা নেওয়া হয়নি। এখন জানলাম, শিগগিরই জুয়াড়িদের ধরতে অভিযান চালানো হবে।’