তারানা হালিমকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের গুলশানের বাসায় গতকাল বুধবার রাতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী তারানা হালিম প্রথম আলোকে বলেন, ‘রাত আটটার আগে এক ব্যক্তি আমার ফ্ল্যাটের সামনে এসে কর্তব্যরত নিরাপত্তাকর্মীকে একটি প্যাকেট দিয়ে এটা রাখতে বলেন। এ সময় নিরাপত্তাকর্মী বলেন, গিফট নেওয়া নিষেধ। এটা রাখা যাবে না। তখন ওই ব্যক্তি বলেন, মোটরবাইকটি ঠিক করে রেখে আসতেছি, না হয় বাইকটি চুরি হয়ে যেতে পারে। এ কথা বলেই প্যাকেটটি নিরাপত্তাকর্মীর হাতে রেখে চলে যান ওই ব্যক্তি। তাঁকে আর পাওয়া যায়নি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘প্যাকেটটি খুলে দেখা যায়, ভাঁজ করা কাফনের কাপড়। এর ওপরে একটি কাগজে লেখা—মৃত্যুর জন্য প্রস্তুত হও। বিষয়টি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলা হয়েছে।’ তারানা হালিম বলেন, ‘এ ধরনের হুমকিতে আমি ভয় পাই না।’
যোগাযোগ করা হলে গুলশান থানার ওসি মো. সিরাজুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘খামের ভেতরে কাফনের কাপড়ের সঙ্গে আতর ও গোলাপজল পাওয়া গেছে।’