তারাবতে বিএনপির প্রার্থীর বাড়িতে যুবলীগের হামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থীর বাড়িতে যুবলীগের একদল নেতা-কর্মী হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে পৌরসভার বরপা এলাকায় বিএনপির প্রার্থী নাছির উদ্দিন আহম্মেদের বাড়িতে এই হামলার কারণে মিলাদ মাহফিল পণ্ড হয়ে যায়।
নাছির উদ্দিন আহম্মেদ প্রথম আলোর কাছে অভিযোগ করেন, দুপুরে তাঁর বাড়িতে ঘরোয়াভাবে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ জন্য উঠানে প্যান্ডেল তৈরি করা হয়। দুপুর পৌনে ১২টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একদল নেতা-কর্মী লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে প্যান্ডেল ভাঙচুর করেন। এ সময় উপস্থিত লোকজন আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।
এই হামলার নিন্দা জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান বলেন, নাছির উদ্দিনের পূর্বনির্ধারিত পারিবারিক দোয়া মাহফিলে এই হামলার ঘটনা ন্যক্কারজনক।
তবে হামলায় তাঁদের নেতা-কর্মী জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেস্তাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মী ওই হামলা চালাননি। বিএনপির মনোনয়নবঞ্চিত মেয়র প্রার্থীর সমর্থকেরা এই হামলা চালিয়েছেন।
রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জয়নাল আবেদীন বলেন, এ ধরনের হামলার ঘটনা তাঁর জানা নেই। কেউ থানায় অভিযোগ দেননি।