তারেক মাসুদের বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদের গ্রামের বাড়িতে ডাকাতি হয়েছে। গত সোমবার রাতে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নূরপুর মহল্লার ওই বাড়িতে এ ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ, ছোট বোন ও এক গৃহকর্মী ছিলেন।
তারেক মাসুদের ছোট ভাই সাঈদ মাসুদ বলেন, রাত তিনটার দিকে পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল জানালা খুলে তাঁদের বাড়িতে ঢোকে। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। তারা আলমারি থেকে সাত হাজার টাকা ও তাঁর মায়ের ব্যবহার করা মুঠোফোন সেটটি নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা পৌরসভার মেয়র আবু ফয়েজ মো. রেজা প্রথম আলোকে বলেন, ডাকাতেরা আলমারিসহ ঘরের ভেতরের বিভিন্ন জিনিস তছনছ করেছে। তবে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ ঘটনাকে ‘চুরি’ বলে দাবি করেছেন।