তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় গোপালগঞ্জে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। গতকাল সোমবার জেলার বিচারিক হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে এ মামলা করেন মুকসুদপুর উপজেলা ভ্যান মালিক সমিতির সভাপতি লাবলু শেখ।

আদালত মামলাটি আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ১১ ফেব্রুয়ারি।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ১৬ ডিসেম্বর ইস্ট লন্ডনে বিএনপি আয়োজিত এক সভায় তারেক রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’, ‘খুনি’ ও ‘পাক বন্ধু’ বলে মন্তব্য করেন। এতে শেখ মুজিবুর রহমানের মর্যাদাহানি এবং তাঁর জীবনের ওপর কালিমা লেপন ও মানহানি হয়েছে। একই সঙ্গে এ বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল।

বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মুন্সী আতিয়ার রহমান। তিনি জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করায় এ নিয়ে গোপালগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে পাঁচটি মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা হলো।