
শুদ্ধস্বরের কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় আহত তারেক রহিমের হাতে দ্বিতীয় দফা অস্ত্রোপচার চলছে। ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান মোহাম্মদ শামসুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকেরা এ অস্ত্রোপচার করছেন। তাঁর বাম হাত অক্ষত রাখা যাবে কিনা সে বিষয়ে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়ার কথা।
এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলের কানে এখনো রক্ত জমাট রয়েছে। কিন্তু তাঁর মাথা ও গলার আঘাত পুরোপুরি সারার আগে তাঁরা (চিকিৎসকেরা) অন্য কিছু করতে পারছেন না। এ অবস্থায় কিছু করতে গেলে রোগীর ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
একই হামলায় আহত রণদীপম বসুর অবস্থা আগের চেয়ে তুলনামূলকভাবে ভালো বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আগামী সপ্তাহে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক খাজা আবদুল গফুর।
সম্প্রতি রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এই তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা গুলিও করে।
এর আগে রণদীপম বলেছিলেন, ৩১ অক্টোবর বেলা আড়াইটার দিকে তিনি বই প্রকাশ নিয়ে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ ওরফে টুটুলের সঙ্গে কথা বলছিলেন। এ সময় কয়েকজন আচমকা তাঁদের ওপর এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে একটি গুলিও করে। খুব অল্প সময়ের মধ্যে হামলাকারীরা পালিয়ে যায়। তাঁরা তিনজনই শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগে মেঝেতে লুটিয়ে পড়েন। অনেক কষ্টে উঠে দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু বাইরে থেকে লাগানো থাকায় দরজা খুলে বের হতে পারেননি। রণদীপম বলেন, প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটি বের করার চেষ্টা করেন। হাত অনেকখানি কেটে যাওয়ায় পকেটে ঢোকাতে পারছিলেন না। পরে ডান হাতের একটি আঙুল কেটে গেলেও ওই হাতটি কষ্ট করে পকেটে ঢুকিয়ে মোবাইল ফোনটি বের করেন। এরপর পরিচিতজনদের ফোন করে পুলিশের সাহায্য নিয়ে তাঁদের উদ্ধার করতে বলেন। এরপর পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।