তারেকের বিরুদ্ধে আরও ২০ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে আরও ২০টি মামলা হয়েছে। গতকাল সোমবার রাজধানী ঢাকাসহ ১৪ জেলায় এসব মামলার ছয়টিতে তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
তারেককে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়াসহ নানা কর্মসূচি চলছেই।
১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের অস্ট্রিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান বলেন, ‘তথ্য-প্রমাণের ভিত্তিতে বলছি, শেখ মুজিব রাজাকার, খুনি ও পাকবন্ধু ছিলেন।’
তারেক রহমানের ওই বক্তৃতা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর তিন কার্যদিবসে তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত মোট ৩৬টি মামলা হয়েছে। এর মধ্যে ১২টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সংশ্লিষ্ট আদালত।
দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৪ ধারায় এসব মামলা হয়েছে। কোনো কোনো মামলায় ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।
কেবল খুলনা জেলায় গতকাল চারটি মামলা হয়েছে। এর মধ্যে একটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তিনটিতে সমন জারি করেছেন আদালত। কুমিল্লায় তিনটি, নওগাঁয় দুটি, ঢাকা, চট্টগ্রাম, যশোর, পিরোজপুর, বরগুনা, কুষ্টিয়া, গোপালগঞ্জ, বরিশাল, মেহেরপুর, নড়াইল ও খাগড়াছড়িতে একটি করে মামলা দায়েরের খবর পাওয়া গেছে।
এসব মামলার বেশির ভাগ বাদী স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা। কয়েকটি স্থানে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও মামলা করা হয়েছে। তবে পিরোজপুর জেলার মামলাটি করেছেন জেলার সরকারি কৌঁসুলি (পিপি)।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর আদালত প্রতিবেদক ও সংশ্লিষ্ট জেলা প্রতিনিধি}