তারেকের বিরুদ্ধে ৫ জেলায় ৭ মামলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যশোর, পিরোজপুর, কুষ্টিয়া, গোপালগঞ্জ ও কুমিল্লায় মামলা হয়েছে। আজ সোমবার ওই জেলাগুলোয় পৃথক সাতটি মামলা হয়। এর মধ্যে দুই জেলায় তারেকের বিরুদ্ধে সমন জারি এবং দুই জেলায় গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছেন সংশ্লিষ্ট আদালত। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।
যশোর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলায় যশোরে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের যশোর জেলা কমিটির আইনবিষয়ক সম্পাদক খয়রাত হোসেন বাদী হয়ে দুপুরে যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ইব্রাহিমের আদালতে মানহানির এ মামলা করেন।
হাকিম আবু ইব্রাহিম মামলা গ্রহণ করে ৬ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
তারেক রহমানের শাস্তির দাবিতে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে যশোর শহরের গাড়িখানা সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পিরোজপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’, ‘পাকবন্ধু’ ও ‘শখের বন্দী’ বলায় তারেক রহমানের বিরুদ্ধে পিরোজপুরে মানহানি মামলা হয়েছে। বিচারক ওই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
আজ সোমবার পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌঁসুলি (পিপি) আলাউদ্দিন খান বাদী হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল বাসারের আদালতে মামলাটি করেন। শুনানি শেষে বিচারক তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলায় মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সমীর কুমার, পিরোজপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পোদ্দারসহ ১৪ জনকে সাক্ষী করা হয়।
একই আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেন। শুনানি শেষে বিচারক অভিযোগটি এজাহার হিসেবে মামলা নেওয়ার জন্য (এফআইআর) পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
গোপালগঞ্জ: বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় তারেক রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে গোপালগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম (১ নম্বর আমলি আদালত) ইসরাত জাহানের আদালতে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে আজ মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তারেক রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলাটি করেন কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. শওকত আলী খান। আগামী ১৩ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
মামলায় অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাসির উদ্দিন, লন্ডনের যে অনুষ্ঠানে তারেক বক্তব্য দিয়েছিলেন সেই অনুষ্ঠানের সভাপতি শায়েস্তা চৌধুরী ও উপস্থাপক কায়েশ আহমেদ।
কুষ্টিয়া: বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যাচারের অভিযোগে কুষ্টিয়া আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আজ একটি মামলা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হুমায়ন কবীর মামলাটি আমলে নিয়ে আসামিকে আগামী ২২ জানুয়ারি হাজির হতে সমন ইস্যুর আদেশ দেন।
আজ বেলা দুইটার দিকে কুষ্টিয়ার বিচারিক হাকিম আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি আলী মুর্তজা সিদ্দিকী খসরু এ মামলা করেন।
কুমিল্লা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে কুমিল্লার আদালতে তিনটি মামলা হয়েছে। মামলাগুলোয় তারেকের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাসরিন জাহানের আদালতে তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল পারভেজ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফরোজা জেসমিনের আদালতে দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমেদ ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিথিলা ইসলামের আদালতে চান্দিনা পৌর ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক বাদী হয়ে মামলা তিনটি করেন। আদালত মামলা তিনটি আমলে নিয়ে একটিতে আগামী ২২ জানুয়ারি ও দুটিতে ৩০ জানুয়ারি বিবাদীকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। গতকাল রোববার তারেক রহমানের বিরুদ্ধে ১৪ জেলায় মামলা হয়।
আরও জানতে পড়ুন: