তারেকের শাশুড়ির বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় (নন সাবমিশন) বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার কমিশন অভিযোগপত্র অনুমোদন দিয়েছে।

দুদক সূত্র জানায়, যথা সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ জানুয়ারি রাজধানীর রমনা মডেল থানায় ‘নন-সাবমিশন’ মামলা করেন সংস্থার উপপরিচালক আর কে মজুমদার। পরে মামলা তদন্ত করেন আরেক উপপরিচালক আব্দুস ছাত্তার সরকার।
তদন্ত কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করলে কমিশন তা অনুমোদন দেয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, প্রয়াত রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগ অনুসন্ধানকালে দুদক আইন-২০০৪ এর ২৬ (১) ধারায় সৈয়দা ইকবাল মান্দ বানুকে নিজের ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের অর্জিত যাবতীয় সম্পদের বিবরণী ৭ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। ধানমন্ডি আবাসিক এলাকার ৫ নম্বর সড়কের ৪০ নম্বর বাড়ির ঠিকানায় নোটিশটি পাঠানো হয়। ২০১২ সালের ২৫ জানুয়ারি সৈয়দা ইকবাল মান্দ বানুর পক্ষে নোটিশ গ্রহণ করেন তত্ত্বাবধায়ক মো. জাকির হোসেন। নোটিশ প্রাপ্তির পর ৭ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হলেও তিনি নির্ধারিত সময়ে দাখিল করেননি। যা দুদক আইন-২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।