তালগাছ নিয়ে দ্বন্দ্ব, প্রাণ গেল 'ভাইয়ের'

ফরিদপুরের সালথা উপজেলায় তালগাছ নিয়ে দ্বন্দ্বের জের ধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, ভাই ও ভাতিজার হাতে ওই ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আজ বুধবার সকালে আহত হওয়া ওই ব্যক্তি বিকেলে মারা গেছেন।
নিহত ব্যক্তির নাম অলি মাতুব্বর (৩৯)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, অলির বড় ভাই কবির মাতুব্বর (৪৩) ও তাঁর ছেলে মুজাহিদ মাতুব্বর। নিহত অলি এক ছেলে ও এক মেয়ের বাবা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি তালগাছের মালিকানা নিয়ে কবির ও অলির মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে কবির ও তাঁর ছেলে মুজাহিদ মিলে অলির ওপর হামলা চালান। এতে অলি গুরুতর আহত হন। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, অলির মৃত্যুর খবর শোনার পর কবির ও তাঁর ছেলে মুজাহিদ পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।