তালতলী থানার ওসির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের বিরুদ্ধে তাঁর বাসার গৃহপরিচারিকাকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে ওই গৃহপরিচারিকা গতকাল সোমবার সকালে মামলাটি করেন। আদালতের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আগামী ৩ সেপ্টেম্বর মামলাটির গ্রহণযোগ্যতা আমলে নেওয়ার জন্য শুনানির দিন ধার্য করেছেন।

মামলার আরজি সূত্রে জানা গেছে, মেয়েটি দীর্ঘদিন ধরে ওসি মিজানুর রহমানের বাসায় কাজ করে। কাজের ফাঁকে ওসি প্রায়ই মেয়েটিকে কুপ্রস্তাব দিতেন। ৬ আগস্ট সকালে ওসি মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটির চিৎকার শুনে বড়বগী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন ও স্থানীয়রা এগিয়ে এলে ঘটনা ফাঁস হয়ে যায়। পরে ওসি মেয়েটিকে ও তার বাবাকে মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে তিনটি ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে নেন।

ইউপি সদস্য আনোয়ার গত জুন মাসের প্রথম দিকে ওই মেয়েটিকে ওসির বাসায় কাজের জন্য নিয়ে আসেন। ধর্ষণচেষ্টায় সহযোগিতা করার ব্যাপারে আনোয়ারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।

ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করে ওসি মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মেয়েটিকে আমি চিনিই না। তবে ওর বাবা থানায় মালির কাজ করতেন। সেই সুবাদে আমার বাসায় মেয়েটির বাবার আসা-যাওয়া ছিল। সম্প্রতি আমার বাসায় চুরির ঘটনায় ওর বাবার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনার জের ধরে ধর্ষণচেষ্টার অভিযোগে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’