তালতলীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, আটক ১
বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জলিল রাঢ়ীকে গত রোববার সন্ধ্যায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, নির্বাচনে পরাজিত পক্ষ জলিলের ওপর হামলা করেছে। এ ঘটনায় গতকাল সোমবার দুলাল হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল কড়ইবাড়িয়া ইউপি নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে জলিল রাঢ়ী ১ ভোটের ব্যবধানে মো. বাচ্চু হাওলাদারকে পরাজিত করেন। স্থানীয় নিউপাড়া বাজারে জলিল রাঢ়ীর রড-সিমেন্টের দোকান রয়েছে। ব্যবসা সূত্রে তিনি বাচ্চু হাওলাদারের ঘনিষ্ঠ সহযোগী একই এলাকার দুলাল হাওলাদারের কাছে ৮০ হাজার টাকা পেতেন। রোববার সন্ধ্যায় জলিল রাঢ়ী তাঁর দোকানে ছিলেন। সন্ধ্যা সাতটার দিকে বাচ্চুর আরেক সহযোগী জামাল মোল্লা মুঠোফোনে ওই বকেয়া পরিশোধের জন্য তাঁর বাড়িতে ডাকেন। জলিল ও তাঁর ভাগনে মোতালেব সিকদার ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে জামাল মোল্লার বাড়ির সামনে যান। গোপন কথা আছে বলে জলিলকে কিছুটা দূরে নিয়ে যান জামাল।
মোতালেব সিকদার বলেন, ‘বেশ কিছুক্ষণ অপেক্ষার পর কোনো সাড়াশব্দ না পেয়ে সামনে যাই। সেখানে গোঙানির শব্দ শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখি, মামাকে (জলিল) কুপিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। আমার ও মোটরসাইকেলচালকের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা দ্রুত তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। আজ (সোমবার) দুপুর ১২টার দিকে জলিল রাঢ়ীকে সেখানে ভর্তি করা হয়েছে।’
এ বিষয়ে জানতে গতকাল মো. বাচ্চু হাওলাদারের মুঠোফোনে ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত একজন চিকিৎসা সহকারী বলেন, ওই ব্যক্তির পায়ের শিরা কুপিয়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে জখম রয়েছে।
তালতলী থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, দুলাল হাওলাদারকে আটক করা হয়েছে। অন্যরা পলাতক রয়েছেন।