তালতলীতে কিশোরীকে কুপিয়ে জখম
বরগুনার তালতলী উপজেলার দক্ষিণ সওদাগরপাড়া গ্রামে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত শনিবার এক কিশোরীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ওই কিশোরী বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিবার ও এলাকার বেশ কয়েকজন জানান, দক্ষিণ সওদাগরপাড়া গ্রামের ওই কিশোরী তার মাকে নিয়ে বাড়িতে বসবাস করছে। দুই বছর ধরে পূর্ব সওদাগরপাড়া গ্রামের সুলতান গাজীর ছেলে আল আমিন (২৩) নবম শ্রেণির ওই ছাএীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু তাতে রাজি না হওয়ায় আল আমিন তাকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন।
নিরাপত্তার অভাবে একপর্যায়ে মেয়েটি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। মেয়েটি এ বছর এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেও আল আমিনের ভয়ে তাঁর পরিবার আর মেয়েটিকে কলেজে ভর্তি করায়নি।
আল আমিন মাস দুয়েক আগে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় গত শুক্রবার রাতে আল আমিন তাঁর ছয়-সাতজন সহযোগী নিয়ে মেয়েটিকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা চালায়।
এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে আল আমিন ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। পরদিন শনিবার সকাল সাতটার দিকে আল আমিন ও তাঁর সহযোগীরা পুনরায় ওই বাড়িতে হানা দেন এবং মেয়েটিকে তুলে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় ওই কিশোরী ও তার মা আল আমিন ও তাঁর দলবলকে রুখতে গেলে তাঁরা মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে প্রথমে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মেয়েটির মা বলেন, আল আমিনের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা মেয়েটিকে কুপিয়ে জখম করেছে।
আমতলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা সহকারী মো. মোস্তাফিজুর রহমান বলেন, মেয়েটির বাঁ পায়ের গোড়ালি ও ডান হাতে গুরুতর জখম রয়েছে। তার আঘাত গুরুতর হওয়ায় গতকাল রোববার সকালে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার গতকাল রোববার বলেন, ‘ঘটনাস্থল থেকে একজন পুলিশ কর্মকর্তা আমাকে বলেছেন, এটা জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটেছে। তবে কোনো অভিযোগ পাইনি।’