তালতলীতে দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার উত্তর ঝাড়াখালী গ্রামে গত শনিবার গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত দুটি বাড়িতে হানা দিয়ে মালামাল লুট করে নিয়েছে। এ সময় ডাকাত দলের সদস্যরা পিটিয়ে ও কুপিয়ে নারীসহ পাঁচজনকে জখম করে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, শনিবার দিবাগত রাত দুইটার দিকে ঝাড়াখালী গ্রামের ইসাহাক মাঝি ও তাঁর ভাই ইব্রাহীম মাঝির বাড়িতে আট থেকে ১০ জন সশস্ত্র ডাকাত গ্রিল কেটে ভেতরে ঢোকে। পরে ঘরের লোকজনকে বেঁধে দুই লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা গৃহকর্তা ইসাহাক মাঝি (৪৮), ফাতেমা বেগম (৩৫), লামিয়া (১৪), নাজমুল (১০) ও ইব্রাহীম মাঝিকে (৫৫) মারধর ও কুপিয়ে জখম করে। ডাকাত দলটি লুটপাট শেষে পালানোর পথে বন্দুক দিয়ে একটি ফাঁকা গুলি ছোড়ে।
আহতদের গতকাল সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে ফাতেমা ও ইসাহাকের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।