তালতলীতে বৌদ্ধ মন্দিরের মূর্তি চুরি
বরগুনার তালতলী উপজেলায় আদিবাসী রাখাইন-অধ্যুষিত তালতলী গ্রামের একটি বৌদ্ধবিহার থেকে শ্বেতপাথরের দুটি প্রাচীন মূর্তি চুরি হয়েছে। গত বুধবার গভীর রাতে মন্দিরের দরজার তালা ভেঙে মূর্তিগুলো চুরি করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক ও সার্কেলের (সদর-আমতলী-তালতলী) সহকারী পুলিশ সুপার কাজী আবদুল কাইয়ূম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাখাইন সম্প্রদায়ের নেতারা বলেন, গত ২০ বছরে তালতলীর বিভিন্ন মন্দির থেকে অন্তত ১০০টি মূর্তি চুরি হয়েছে। এর একটিও উদ্ধার হয়নি।
তালতলী রাখাইনপল্লির বৌদ্ধবিহারের পুরোহিত চিং থা অং বলেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে প্রার্থনা শেষে বৌদ্ধবিহারের দরজায় তালা দিয়ে তিনি বাড়িতে যান। গতকাল সকাল সাতটার দিকে তাঁর স্ত্রী মাখেলা প্রার্থনার জন্য বিহারে গেলে তালা ভাঙা ও দরজা খোলা অবস্থায় দেখতে পান। এ সময় তিনি রাখাইনপল্লির লোকজনকে ডেকে আনেন। লোকজন বিহারের ভেতর ঢুকে বড় দুটি মূর্তি চুরি হয়েছে বলে জানান। চিং থা অং আরও বলেন, মূর্তি দুটি প্রাচীনকালের শ্বেতপাথরের তৈরি। একটির উচ্চতা ২৫ ইঞ্চি, ওজন প্রায় ৩৫ কেজি। অন্যটির উচ্চতা ১৮ ইঞ্চি, ওজন প্রায় ২২ কেজি। এগুলোর মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। এ ঘটনায় বিহারের সাধারণ সম্পাদক খেমং বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে তালতলী থানায় গতকাল মামলা করেছেন।
এদিকে জেলা রাখাইন সমাজ কল্যাণ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মূর্তি চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
তালতলী থানার ওসি বাবুল আকতার বলেন, ‘আমরা চুরি যাওয়া মূর্তি দুটি উদ্ধারে আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।’