তালতলীতে শিক্ষার্থীকে মারধর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
বরগুনার তালতলী উপজেলায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে নির্যাতন করার ঘটনায় এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার কড়ইবাড়িয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সেলিম মিয়াকে গত শনিবার সন্ধ্যায় তালতলী থানার পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, কড়ইবাড়িয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসারসহকারী শিক্ষক সেলিম মিয়া গত বৃহস্পতিবার ষষ্ঠ শ্রেণিতে পাঠদানকালে পড়া না পারার কারণে শিক্ষার্থী বেলাল হোসেনকে বেত দিয়ে বেধড়ক পেটান। এতে ওই শিক্ষার্থী হাতে গুরুতর আঘাত পায়।
ছুটির পর বেলাল বাড়ি গিয়ে ঘটনাটি তার বাবা আলমগীর হোসেনকে জানায়।
আলমগীর হোসেন ওই দিন বিকেলে মুঠোফোনে বরগুনার পুলিশ সুপারকে ঘটনাটি জানালে পুলিশ সুপার তাঁকে তালতলী থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলেন। শনিবার আলমগীর হোসেন তালতলী থানায় এ ঘটনায় মামলা করলে পুলিশ ওই দিন সন্ধ্যায় সেলিম মিয়াকে গ্রেপ্তার করে।
তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষককে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তারের পর ওই শিক্ষককে শনিবার রাতেই বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’