তালা ও দেয়াল ভেঙে সোনার দোকানে চুরি
নারায়ণগঞ্জ শহরের কালীর বাজারে দেয়াল ও তালা ভেঙে একটি সোনার দোকানে চুরি সংঘটিত হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর এ সি ধর সড়কে হীরা জুয়েলার্স নামের ওই দোকানে এ ঘটনা ঘটে।
গতকাল শনিবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করে নিয়ে যায়।
হীরা জুয়েলার্সের মালিক রতন দেবনাথ বলেন, শুক্রবার গ্রামের বাড়ি কুমিল্লায় ছিলেন তিনি। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় স্থানীয় ব্যবসায়ীরা মুঠোফোনে তাঁকে বলেন, তাঁর দোকানে চুরি হয়েছে। এরপর তিনি কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে এসে দেখেন তাঁর দোকানের শাটারের তালা ও দোকানের পশ্চিম পাশের দেয়াল ভাঙা। চোরেরা তালা ও দেয়াল ভেঙে দোকানে রক্ষিত প্রায় ২০০ ভরি সোনা, ২ লাখ টাকা ও ৫০ হাজার টাকা সমমূল্যের প্রাইজবন্ড নিয়ে যায়।
কালীর বাজার জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক গোপাল রায় বলেন, লম্বা সময় নিয়ে চোরের দল স্বর্ণালংকার চুরি করেছে। এ ছাড়া তারা দোকানের সিসি ক্যামেরার ডিবিআর নিয়ে গেছে, যাতে কোনো ভিডিও ফুটেজ না থাকে। রাতে ওই এলাকায় নিয়োজিত নৈশপ্রহরীদের জিজ্ঞাসাবাদ করলে চুরির বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে।
ঘটনাস্থল পরিদর্শনকালে সিআইডির পরিদর্শক আবদুর রহিম বলেন, ‘ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। পরবর্তী সময়ে নিয়মানুযায়ী তদন্তকাজ করবে স্থানীয় পুলিশ।’