তালা দিলেন যুবলীগের দুই নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন ভূমি কার্যালয়ের মূল ফটকে গতকাল বৃহস্পতিবার তালা ঝুলিয়ে দিয়েছিলেন যুবলীগের দুই নেতা। এ কারণে তিন ঘণ্টা ভূমি কার্যালয়ে কার্যক্রম বন্ধ থাকে। তবে তালা ঝোলানোর কারণ সম্পর্কে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
ওই ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মহছেনা বেগম অভিযোগ করেন, ‘উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাড়িয়ারকুঠি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান গত মঙ্গলবার মুঠোফোনে আমার কাছে এক হাজার টাকা চাঁদা চান। গতকাল দুপুর ১২টায় আখতারুজ্জামানসহ ইউনিয়ন যুবলীগের সভাপতি হেলাল উদ্দিন চাঁদার টাকা নিতে অফিসে আসেন। তাঁদের এ সময় চাঁদা দিতে না চাইলে তাঁরা দেখে নেওয়ার হুমকি দিয়ে ভূমি কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে কার্যালয়ের কর্মচারীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।’
তবে চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করে যুবলীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘গতকাল জমির খাজনা-সংক্রান্ত বিষয়ে কথা বলতে যুবলীগের সম্পাদক আখতারুজ্জামানকে সঙ্গে নিয়ে আমি ওই তহশিলদারের কাছে যাই। এ সময় তহশিলদার নানা কথা প্রসঙ্গে রানা প্লাজা ধসের বিষয়টি তোলেন। একপর্যায়ে তিনি বলেন, ওই দুর্ঘটনায় নিহত মানুষকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে প্রধানমন্ত্রী লাখ লাখ টাকা সংগ্রহ করেছেন। কিন্তু সেই সব অর্থ ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ করা হয়েছে। তাঁর এমন কথার প্রতিবাদ করলে তিনি আমাদের গালি দিয়ে মামলা করার হুমকি দেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর বিচারের দাবিতে ভূমি কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিই।’ তবে ওই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তহশিলদার মহছেনা বেগম বলেন, ‘আসল ঘটনা আড়াল করতে এখন ওই দুই নেতা আমার বিরুদ্ধে নানা কথা ছড়াচ্ছে।’
হাড়িয়ারকুঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ মুঠোফোনে বলেন, ‘ঘটনার বিষয়ে জানতে পেরে আমি তিনটার দিকে ওই ভূমি কার্যালয়ে গিয়ে মূল ফটকের তালা খুলে দিই। মূলত প্রধানমন্ত্রী সম্পর্কে নেতিবাচক কথা বলায় ওই দুই নেতা কিছুটা ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। বিষয়টি আমি সুরাহা করে দিয়েছি।’
উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার দেলোয়ার হোসেন বলেন, ‘তিনি ঘটনাস্থলে গিয়ে তহশিলদারকে উদ্ধার করেন।
তারাগঞ্জ থানার ওসি তাপস সরকার বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।’