তালা ভেঙে নিজ কক্ষে ঢুকলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. ফখরুল ইসলাম। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তিনি অন্যদের দিয়ে তালা ভেঙে কক্ষে প্রবেশ করেন।
এদিকে বিকেল চারটার দিকে ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান খোকন তাঁর পাঁচ শতাধিক সমর্থক কার্যালয় ঘেরাও করে চেয়ারম্যানকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ইউএনও ও ওসির সহায়তায় পুলিশি পাহারায় চেয়ারম্যানকে বাসায় পাঠানো হয়।
অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে চেয়ারম্যানের কক্ষে ও ফটকে গত সোমবার তালা ঝুলিয়ে দেন ভাইস চেয়ারম্যান। এ নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘কলমাকান্দায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ, উপজেলা চেয়ারম্যানের কক্ষে ভাইস চেয়ারম্যানের তালা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
রফিকুজ্জামান খোকন বলেন, ‘উপজেলা চেয়ারম্যান অনৈতিকভাবে সরকারি বরাদ্দ টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির উন্নয়ন প্রকল্প কোনো সভা ছাড়াই একক সিদ্ধান্তে অনুমোদন করেছেন। তা বাতিল না করলে কাল (আজ বুধবার) থেকে আর কার্যালয়ে আসতে পারবেন না।’
উপজেলা চেয়ারম্যান ও শাহ মো. ফখরুল ইসলাম বলেন, ‘রফিকুজ্জামান প্রায় পাঁচ থেকে ছয় শত লোক নিয়ে আমার ওপর হামলা চালাতে আসেন। পরে পুলিশ এবং ইউএনওর সহায়তায় আমি মুক্ত হই।’