তালা ভেঙে গলিত লাশ উদ্ধার, স্ত্রী পলাতক
ঢাকার দক্ষিণখান থানাধীন পূর্ব মোল্লারটেক এলাকায় একটি ঘরের তালা ভেঙে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। লাশটি গলে বিকৃত হয়ে গেছে।
নিহত ব্যক্তির নাম সাগর। বাড়ি গাইবান্ধায়। ঘটনার পর থেকে সাগরের দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছেন।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বলেন, দক্ষিণখানে একটি টিনশেড বাড়ির একটি ঘর দুই মাস আগে ভাড়া নেন সাগর। এই ঘরে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি থাকতেন। কয়েকদিন ধরে ঘরের বাইরে তালা মারা ছিল। আজ ওই ঘর থেকে গন্ধ বের হলে পুলিশে খবর দেন বাড়ির মালিক। পুলিশ গিয়ে তালা খুলে ঘরের ভেতরের খাটের নিচ থেকে বিকৃত লাশ উদ্ধার করে।
পুলিশ বলছে, অজ্ঞাত ব্যক্তিরা হত্যা করে বাইরে থেকে তালা মেরে চলে গেছে। ঘটনার পর থেকে দ্বিতীয় স্ত্রী পলাতক। দ্বিতীয় স্ত্রী এ বাসায় থাকতেন। লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। ঘটনায় ময়নাতদন্ত হবে।