বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের আবাসিক হলের তালা ভেঙে একটি কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রত্না সরকারসহ তিন নেত্রী। গতকাল শনিবার জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে নেতা-কর্মীরা বহিষ্কৃত তিন ছাত্রনেত্রীকে হলে তুলে দেন।
অন্য দুই নেত্রী হলেন কলেজ কমিটির যুগ্ম সম্পাদক রুকাইয়া সরকার তিশা ও সাংগঠনিক সম্পাদক তমানিয়া আফরিন তিমু।
কলেজ ছাত্রলীগের সভাপতির কক্ষে চুরির অভিযোগ এবং সংগঠনের বিবদমান দুই পক্ষের মধ্যে মারামারির জের ধরে রত্না সরকারসহ উভয় পক্ষের ছয় নেত্রীকে সম্প্রতি হল থেকে সাময়িক বহিষ্কার করে কলেজ প্রশাসন। এরপর থেকে হলের বাইরে ছিলেন বহিষ্কৃতরা।
এদিকে তালা ভেঙে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিন নেত্রীকে হলে তুলে দেওয়ার খবর পেয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পক্ষের নেতা-কর্মীরাও কলেজে গিয়ে হইচই করেন। তবে তাঁরা কলেজ ছাত্রলীগের সভাপতি আঞ্জুমান আরা আয়নাকে হলে তোলেননি।
কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একপক্ষের নেতৃত্ব দিয়ে আসছেন কলেজ ছাত্রলীগের সভাপতি আঞ্জুমান আরা আয়না এবং অন্য পক্ষে সাধারণ সম্পাদক রত্না সরকার।
কলেজের বেগম জাহানারা রহমান হলের সহকারী তত্ত্বাবধায়ক ছায়মা সুলতানা প্রথম আলোকে বলেন, হলের ৪০৪ নম্বর কক্ষে ছাত্রলীগের সভাপতি এবং ৪০৭ নম্বর কক্ষে সাধারণ সম্পাদকের সিট বরাদ্দ ছিল। কিন্তু দুই নেত্রীর মধ্যে বিরোধের জের ধরে দুই পক্ষ প্রায়ই মারামারিতে জড়িয়ে পড়ত। এর মধ্যে গত ১৯ নভেম্বর সাধারণ সম্পাদকসহ তিন নেত্রীর বিরুদ্ধে টাকা ও মুঠোফোন চুরির অভিযোগ তোলেন আঞ্জুমান আরা আয়না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
কলেজের অধ্যক্ষ নাসিমা আখতার জাহান বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষ ও চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রশাসন গত অক্টোবরে সভাপতি, সাধারণ সম্পাদকসহ উভয় পক্ষের ছয় নেত্রীকে হল থেকে সাময়িক বহিষ্কার করে। এর মধ্যে সভাপতি ছাড়া তাঁর পক্ষের অন্য দুজন হলেন সাংগঠনিক সম্পাদক মাকসুদা আকতার এবং কর্মী মোত্তাকিয়া আকতার এবং সাধারণ সম্পাদক ছাড়া অন্য দুজন হলেন যুগ্ম সম্পাদক রুকাইয়া সরকার তিশা এবং সাংগঠনিক সম্পাদক তমানিয়া আফরিন তিমু।
অধ্যক্ষ আরও বলেন, ৯ ডিসেম্বর কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকেও ওই ছয়জনকে বহিষ্কারের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়। কিন্তু ২ জানুয়ারি কলেজের হল খোলার পর বহিরাগতদের হলে ওঠানোর ব্যাপারে জেলা আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে চাপ দেওয়া হয়। কিন্তু একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়া বহিরাগতদের হলে ওঠানো কোনোভাবেই সম্ভব নয়।
কলেজ সূত্র জানায়, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পক্ষ নেন জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা ও জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বাধীন অংশ। অন্যদিকে সভাপতির পক্ষ নেন জেলা আওয়ামী লীগের প্রভাবশালী আরেক নেতা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশ।
অধ্যক্ষ জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রলীগের ২৫ থেকে ৩০ জন নেতা রত্না সরকারসহ তিনজনকে সঙ্গে নিয়ে কলেজে প্রবেশ করেন। এ সময় নেতা-কর্মীরা তালা ভেঙে রত্নাকে তাঁর কক্ষে ঢুকতে বলেন। রত্নাসহ তিনজন ৪০৭ নম্বর কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে তাঁদের নিজস্ব তালা লাগিয়ে দেন।
খবর পেয়ে বেলা পৌনে দুইটায় সভাপতি আঞ্জুমান আয়নার পক্ষ নিয়ে ছাত্রলীগের আরেক পক্ষ কলেজে আসে। তবে আয়নাকে সঙ্গে নিয়ে আসেনি।
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রত্না সরকার বলেন, ‘বিনা অপরাধে কলেজ প্রশাসন অন্যায়ভাবে এত দিন হলের বাইরে রেখেছিল। জেলা ছাত্রলীগের নেতাদের সহযোগিতায় শনিবার আমরা তিনজন হলে উঠেছি। কোনো তালা ভাঙ্গিনি।’
অন্যদিকে সভাপতি আঞ্জুমান আয়না বলেন, ‘ছাত্রলীগের নাম ভেঙে কলেজ ছাত্রলীগের কতিপয় নেত্রী নানা অপকর্মে জড়িয়েছে। এ কারণে কলেজের হল থেকে তিনজনকে স্থায়ী বহিষ্কার করা হয়। কলেজ প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে তারা গতকাল সন্ত্রাসী কায়দায় তালা ভেঙে হল দখল করেছে।’
বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের নাম ভাঙিয়ে কতিপয় উচ্ছৃঙ্খল ছাত্রীর জন্য চর দখলের মতো কলেজের হল দখল করা হয়েছে। এটার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।’
জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক বলেন, নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি থেকে কলেজ ছাত্রলীগের দুই নেত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের সুযোগ নিয়ে দুই পক্ষকেই কলেজ কর্তৃপক্ষ অন্যায়ভাবে হল থেকে বের করে দেয়। জেলা ছাত্রলীগ দুই পক্ষকেই হলে তোলার জন্য কলেজ প্রশাসনকে অনুরোধ জানায়। কিন্তু তারা টালবাহানা করে সময়ক্ষেপণ করছিল। সপ্তাহ খানেকের মধ্যেই অধ্যক্ষ অবসরে যাবেন। তখন বিষয়টি ঝুলে যাবে। এ কারণে গতকাল দুই নেত্রীকেই অধ্যক্ষের কক্ষে ডাকা হয়। কিন্তু তাতে সভাপতি সাড়া না দিলে সাধারণ সম্পাদকসহ তিনজনকে তাঁদের কক্ষে যেতে বলা হয়। সেখানে হল দখল বা তালা ভাঙার কোনো ঘটনা ঘটেনি।