তালাক দিতে রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চৌরীগাছা গ্রামে তালাক দিতে রাজি না হওয়ায় আমিরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর স্ত্রী জেসমিন আখতারকে (২০) নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনে আহত ওই নারী ছয় দিন ধরে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
আমিরুল ইসলাম বুলাকিপুর ইউনিয়নের চৌরীগাছা গ্রামের বাসিন্দা। জেসমিন আখতার সিঙরা ইউনিয়নের কুচেরপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে।
গতকাল মঙ্গলবার জেসমিন বলেন, এক বছর তিন মাস আগে আমিরুলের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পরে তিনি জানতে পারেন প্রতিবেশী এক নারীর সঙ্গে আমিরুলের অবৈধ সম্পর্ক রয়েছে। এ বিষয়ে কথা বলতে গেলে তাঁকে তালাক দেওয়ার জন্য আমিরুল নির্যাতন শুরু করেন। কিছুদিন আগে তাঁকে ঢাকায় নিয়ে একটি পোশাক কারখানায় চাকরিতে যোগ দিতে বাধ্য করেন আমিরুল। ঢাকার বাসায় গত ২৩ আগস্ট রাতে আমিরুল লোহার রড দিয়ে পিটিয়ে ও বালিশচাপা দিয়ে তাঁকে হত্যার চেষ্টা করেন। তিনি কৌশলে কারখানায় গেলে সেখানে কর্মরত আমিরুলের এক আত্মীয় তাঁকে বের করে দেওয়ার চেষ্টা করেন। পরে কারখানা কর্তৃপক্ষ জেসমিনকে ঘোড়াঘাটে পাঠিয়ে দেয়। গত শুক্রবার গুরুতর অসুস্থ অবস্থায় জেসমিনকে তাঁর বাবা ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নূর নেওয়াজ বলেন, জেসমিনের দুই পায়ে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতনের শিকার হওয়ায় তাঁর শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে।
বেলাল হোসেন জানান, স্থানীয় সিঙড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবর রহমান প্রধান ঘটনার বিচার করতে চাওয়ায় তিনি থানায় অভিযোগ দেননি। চেয়ারম্যান মজিবর রহমান বলেন, বুলাকিপুর ইউপির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন প্রধান ও ইউপি সদস্য আশরাফ আলীর সঙ্গে আলোচনা করে ঘটনার সুষ্ঠু বিচার করা হবে।
আমিরুল ইসলাম মুঠোফোনে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জেসমিন শারীরিকভাবে অসুস্থ। সে কারখানায় কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছে।’