তালাকের কথা শুনেই স্ত্রীর আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়ার চেচুয়াখোলা গ্রামে গত রোববার প্রিয়া খাতুন নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্বামী মুঠোফোনে তালাক দেওয়ার কথা জানানোর পরপরই তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রিয়া খাতুন (১৯) যশোর সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর পারিবারিক সূত্র জানায়, বাঘারপাড়া উপজেলার সাইটখালী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রাকিব হাসানের (৩০) সঙ্গে একই উপজেলার চেচুয়াখোলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে প্রিয়া খাতুনের ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিয়ে হয়। রাকিব পুলিশের সহকারী উপরিদর্শক (এএসআই)। বর্তমান তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন প্রিয়ার ওপর মানসিক নির্যাতন শুরু করেন। ছয় মাস আগে প্রিয়ার পরিবারের লোকজন বিষয়টি নিষ্পত্তির জন্য রাকিবদের বাড়িতে যান। তখন রাকিবের বাড়ির লোকজন তাঁদের অপমান করেন এবং প্রিয়াকেও তাঁদের সঙ্গে পাঠিয়ে দেন। তখন থেকে প্রিয়া বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

প্রিয়ার চাচাতো ভাই মিন্টু মিয়া বলেন, রাকিব আগেও একটি বিয়ে করেন। এ নিয়ে প্রিয়ার সঙ্গে প্রায়ই তাঁর (রাকিব) ঝগড়া হতো। রোববার বিকেলে রাকিব মুঠোফোনে প্রিয়াকে তালাকের খবর জানান। এরপর বাবা ইদ্রিস আলী প্রিয়াকে জানান, পোস্ট অফিসে তাঁর নামে একটি চিঠি এসেছে। স্বাক্ষর করে তুলে আনতে হবে। এর কিছুক্ষণ পর প্রিয়া ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হয়। গতকাল সোমবার ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

রাকিব হাসান মুঠোফোনে বলেন, ‘রোববার বেলা আড়াইটার দিকে প্রিয়া তালাকের কপি পেয়েছে বলে আমাকে মুঠোফোন জানায়। এর পরপরই সে সংযোগ কেটে দেয়। রাতে প্রিয়ার বড় ভাই আমাকে ফোন করে জানান, দুর্ঘটনায় প্রিয়া মারা গেছে।’ তিনি আরও বলেন, ‘এর আগে আমাদের বাড়িতে থাকাকালীন প্রিয়া একবার আত্মহত্যার চেষ্টা চালায়। ওই সময় তার ছোট ভাই তাকে নিয়ে যায়। এরপর থেকে সে বাবার বাড়িতে থাকত।’

বাঘারপাড়া থানার ওসি ছয়রুদ্দিন আহম্মদ বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।