তালাকের 'প্রতিশোধ' নিতে অ্যাসিড ছোড়েন জাহাঙ্গীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় গৃহবধূ নাসিমা আক্তারের ওপর অ্যাসিড-সন্ত্রাসের প্রতিবাদে এবং আসামিকে গ্রেপ্তারের দাবিতে গতকাল চিড়িয়াখানার মূল ফটকের সামনে মানববন্ধন করে প্রথম আলো ট্রাস্ট। এতে প্রথম আলো ট্রাস্ট ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের কর্মীরা অংশ নেন l ছবি: প্রথম আলো
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় গৃহবধূ নাসিমা আক্তারের ওপর অ্যাসিড-সন্ত্রাসের প্রতিবাদে এবং আসামিকে গ্রেপ্তারের দাবিতে গতকাল চিড়িয়াখানার মূল ফটকের সামনে মানববন্ধন করে প্রথম আলো ট্রাস্ট। এতে প্রথম আলো ট্রাস্ট ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের কর্মীরা অংশ নেন l ছবি: প্রথম আলো

তালাকের ‘প্রতিশোধ’ নিতে সাবেক স্ত্রী শেলী আক্তারকে অ্যাসিড ছুড়ে মেরেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন মো. জাহাঙ্গীর ওরফে জানে আলম। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
এদিকে রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় গৃহবধূ নাসিমা আক্তার ওরফে প্রিয়ার ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদ, ঘটনার তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে প্রথম আলো ট্রাস্ট। এতে বক্তারা বলেছেন, সুষ্ঠু তদন্ত না হওয়া, বিচারহীনতার কারণে অ্যাসিড-সহিংসতা বাড়ছে।
জাহাঙ্গীরের স্বীকার: রাজধানীর রূপনগর এলাকা থেকে গত বৃহস্পতিবার দুপুরে অটোরিকশাচালক জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে চট্টগ্রামের কোতোয়ালি থানা-পুলিশ। গতকাল সকালে তাঁকে চট্টগ্রামে আনা হয়। বিকেলে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাইন বিল্লাহ বলেন, গ্রেপ্তারের পর জাহাঙ্গীর অ্যাসিড নিক্ষেপের কথা অকপটে স্বীকার করেন। জাহাঙ্গীর অ্যাসিড কোথা থেকে সংগ্রহ করেছেন, জানতে চাইলে উপকমিশনার সাংবাদিকদের বলেন, এ বিষয়ে এখনো তাঁর কাছ থেকে তথ্য পাওয়া যায়নি। তদন্তে এটি জানা যাবে। অ্যাসিডের এই মামলা ছাড়াও কোতোয়ালি থানায় মাদকের মামলাও রয়েছে জাহাঙ্গীরের নামে। তাঁকে আজ শনিবার আদালতে পাঠানো হবে।
তবে জাহাঙ্গীরকে সাংবাদিকদের সামনে আনা হয়নি। সংবাদ সম্মেলন শেষে উপকমিশনারের কার্যালয় থেকে তাঁকে গাড়িতে করে কোতোয়ালি থানায় নেওয়ার পথে সাংবাদিকেরা কথা বলার সুযোগ পান। এ সময় জাহাঙ্গীর দাবি করেন, শেলীর দেওয়া তালাক তিনি মানেন না। তাই প্রতিশোধ নিতে অটোরিকশার ব্যাটারি থেকে অ্যাসিড নিয়ে ছুড়ে মেরেছেন।
গত সোমবার ভোরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড এলাকায় একটি বস্তিতে ঘুমন্ত অবস্থায় অ্যাসিডে দগ্ধ হন শেলী আক্তার (২২) ও তাঁর মা হোসনে আরা বেগম (৫৫)। ভোর পাঁচটার দিকে ঘরের বেড়ার ফাঁকা অংশ দিয়ে তাঁদের দিকে অ্যাসিড ছুড়ে মারেন জাহাঙ্গীর। এ ঘটনায় শেলীর মুখসহ শরীরের ১৫ শতাংশ এবং তাঁর মায়ের শরীরের ১০ শতাংশ পুড়ে যায়। এ ঘটনার পর জাহাঙ্গীরকে আসামি করে মামলা করেন শেলী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে অ্যাসিডদগ্ধ মা ও মেয়ের। তাঁদের চিকিৎসা, আইনি ও পুনর্বাসনকাজে পাশে থাকার ঘোষণা দেওয়া প্রথম আলো ইতিমধ্যে চিকিৎসার খরচ দেওয়া শুরু করেছে। গত বুধবার অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়তা তহবিল থেকে শেলীর বড় ভাই মো. শামীমের হাতে প্রাথমিক খরচের টাকা হস্তান্তর করা হয়।
প্রথম আলো ট্রাস্টের মানববন্ধন: গতকাল বেলা ১১টায় রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ২৮ সেপ্টেম্বর গৃহবধূ নাসিমা আক্তার ওরফে প্রিয়ার ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে প্রথম আলো ট্রাস্ট। এতে প্রথম আলো ট্রাস্ট ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) কর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন এএসএফের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ, ব্যবস্থাপক মৌসুমি শারমিন, প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদ ও প্রথম আলো বন্ধুসভার জান্নাতুল বাকের।
কর্মসূচি চলাকালে এএসএফের ব্যবস্থাপক মৌসুমি শারমিন প্রশ্ন রেখে বলেন, অজ্ঞাত এক ব্যক্তি চিড়িয়াখানার মতো জায়গায় এ ধরনের ঘটনা কীভাবে ঘটাতে পারে? যেখানে মানুষ তাঁর পরিবার-পরিজন নিয়ে বেড়াতে যান! এসব এলাকায় নজরদারি বাড়ানোর জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এএসএফের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ বলেন, এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪০ জন অ্যাসিড-সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ২৬ জন নারী, ৭ জন শিশু ও ৭ জন পুরুষ। এর মধ্যে ঢাকাতেই ১১ জন এই সহিংসতার শিকার। এঁরা সবাই স্বল্প আয়ের মানুষ। অ্যাসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২-এর সুষ্ঠু বাস্তবায়ন না হওয়ায় এ ধরনের সহিংসতা বাড়ছে।
কর্মসূচিতে তাহমিনা ইসলাম নামের এক অ্যাসিডদগ্ধ নারী নিরাপত্তার দাবি জানিয়ে বলেন, ‘আমরা নারীরা ঘরেও নিরাপদ নই, বাইরেও না।’
অন্য বক্তারা বলেন, গত ১২ বছরে অ্যাসিড-সন্ত্রাসের মামলায় ১৪ জন আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। কিন্তু একটি রায়ও কার্যকর হয়নি। তাঁরা বলেন, অ্যাসিড হামলায় ভুক্তভোগী, তাঁদের পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা, এসব মামলা রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপমুক্ত করা, সাক্ষীদের সাক্ষ্য প্রদানে উৎসাহিত করা, আপস-মীমাংসা না হওয়ার বিষয়ে সোচ্চার, প্রচার ও গণমাধ্যমে মামলার বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা প্রয়োজন।
মানববন্ধনে নাসিমা আক্তারের ওপর যে অ্যাসিড হামলা হয়েছে তার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি, পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং আইনে নির্ধারিত ৯০ কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন করার দাবি জানানো হয়।