তালাবদ্ধ কক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রেয়াজুদ্দিন বাজারের তামাকুমণ্ডি লেনের জনতা মার্কেটের পঞ্চম তলার একটি কক্ষ থেকে
এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. নাজিম উদ্দিন (২৫)। গত রোববার গভীর রাতে কক্ষের তালা ভেঙে লাশটি উদ্ধার করে পুলিশ। নাজিমকে তাঁর বন্ধুরা খুন করেছেন বলে সন্দেহ স্বজনদের।
নিহত নাজিমের বাড়ি সাতকানিয়া উপজেলায়। তাঁর বাবার নাম মো. ইউনুস। নাজিম জনতা মার্কেটের পঞ্চম তলার ওই কক্ষ ভাড়া নিয়ে থাকতেন।
নাজিমের বড় ভাই মো. সেলিম প্রথম আলোকে বলেন, নগরের রহমানিয়া ম্যানশন নামের একটি জুতার দোকানে নাজিম চাকরি করতেন। এক বছর আগে তাঁর চাকরি চলে যায়। এরপর থেকে বেকার ছিলেন। এর মধ্যে দুবার দুটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান। দেড় মাস আগে তিনি কারাগার থেকে ছাড়া পান। এরপর থেকে জনতা মার্কেটের পঞ্চম তলার একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন নাজিম।
মো. সেলিম প্রথম আলোকে বলেন, রোববার সকাল থেকে নাজিমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে তাঁর বাসায় গিয়ে তালা ঝুলতে দেখা যায়। সারা দিনেও খোঁজ না পেয়ে রাত পৌনে একটার দিকে কয়েকজন মিলে ঘরের তালা ভাঙেন। ভেতরে ঢুকে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানান।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শংকর তালুকদার প্রথম আলোকে বলেন, ধারালো অস্ত্র দিয়ে নাজিমের গলা কাটা হয়েছে। যে কক্ষে তিনি থাকতেন, তার পাশে আরেকটি কক্ষ রয়েছে। অন্য কক্ষের বাসিন্দাদেরও পাওয়া যাচ্ছে না। নাজিমের মুঠোফোনটিও গায়েব। মাদক ব্যবসার সঙ্গে তাঁর জড়িত থাকার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। বিস্তারিত তদন্তে খুনের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বের করা যাবে।
নাজিম কয়েকজন বন্ধুর সঙ্গে ওই কক্ষে থাকতেন বলে জানান তাঁর ভাই মো. সেলিম। এ ঘটনায় তাঁরা থানায় হত্যা মামলা করবেন বলে তিনি জানান।