তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার, ননদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আঙ্গুলকাটা গ্রামে একটি তালাবদ্ধ ঘর থেকে আসমা বেগম (৩৫) নামের এক নারীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে তাঁর শ্বশুরের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। আসমার স্বামী বিদেশে থাকেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আসমার মামা জালাল মৃধা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এজাহারভুক্ত আসামি আসমার ননদ ফিরোজা বেগমকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
জালাল মৃধা অভিযোগ করেন, আসমা বেগম নিঃসন্তান হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মানসিক নির্যাতন করতেন। শ্বশুরবাড়ির লোকজন আসমাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রাখেন।
মামলার প্রধান আসামি ফয়সাল মিয়া মুঠোফোনে বলেন, ‘আমি ঘটনার সময় ঢাকায় ছিলাম। অথচ আমাকে হত্যা মামলার আসামি করা হয়েছে। আমার কাতারপ্রবাসী মামাকেও (আসমার স্বামী) আসামি করা হয়েছে।’