তালাবদ্ধ ঘর থেকে প্রবাসীর লাশ উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে তালাবদ্ধ ঘর থেকে আজিজুল করিম ওরফে লিটন (৩০) নামে বিদেশ ফেরত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই নারীকে আটক করেছে।

মৃত যুবক উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আলী আহম্মদ কেরানির ছেলে।
এলাকাবাসীর ভাষ্য, গতকাল শুক্রবার দুপুরের পর থেকে আজিজুল করিম ওরফে লিটন বাড়ি ফিরে না আসায় তাঁকে খোঁজাখুঁজি শুরু হয়। রাতে লিটনের মা ছায়েরা খাতুন বাদী হয়ে লিটনকে অপহরণ ও লাশ গুম করা হয়েছে মর্মে সোনাগাজী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে পারিবারিক বিরোধের জের ধরে তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
সোনাগাজী থানা-পুলিশ রাতে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে এবং সন্দেহবশত একই বাড়ির এক আমেরিকান প্রবাসীর তালাবদ্ধ ঘরে আরেকটি তালা দিয়ে যায়। আজ শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ ওই তালাবদ্ধ ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লিটনের লাশ উদ্ধার করে।

তাঁকে হাত-মুখ বেঁধে ওই ঘরের মধ্যে পিটিয়ে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ওই ঘরেই রাখা হয়েছে বলে ধারণা পুলিশের। রাতে পুলিশ ওই ঘরে তালা না দিলে হয়তো লাশ অন্যত্র সরিয়ে নেওয়া হতো। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিপক্ষÿনুরুল আফসারের স্ত্রী সুরমা বেগম (৪৫) ও মেয়ে হালিমা আক্তারকে (২০) আটক করা হয়েছে। নুরুল আফসার পলাতক।
লিটনের মা সায়েরা খাতুন অভিযোগ করেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী নুরুল আফসারের সাথে তাঁদের ৭টি মামলা চলছে। লিটন বেশ কয়েক বছর আবুধাবী ছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছেন। সে বাড়ি আসার পর থেকে নুরুল আফসার তাকে নানাভাবে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দিয়ে আসছিল।’
লাশ উদ্ধারের খবর জেনে ফেনী সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) মো. আমিরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশিদ তালাবদ্ধ ঘর থেকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।