তালাবদ্ধ ঘরে তিন শিশু
ঘরের বাইরে থেকে তালা দেওয়া। ভেতরে তিন শিশু রিয়াজ (৭), হৃদয় (৫) আর কাজল লতা (৪)। তারা কখনো খেলা করছে, কখনো মা-বাবার জন্য কান্নাকাটি করছে। বাইরে থেকে জানালা দিয়ে তাদের খাবার দিচ্ছে লোকজন। একজন প্রতিবেশী ছাড়া অন্য কারও ভেতরে ঢোকার সুযোগ নেই। এভাবেই দুটি দিন পার হয়ে গেছে শিশুদের।
তিন শিশুর বাবার নাম শহীদুল ইসলাম। তাদের মা দুজন। রহিমা খাতুন ও নুরুন্নাহার বেগম। নুরুন্নাহার স্বামী ও সতিনের নির্যাতনে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর তাঁকে নির্যাতনের অভিযোগে পুলিশের হাতে আটক হওয়ার পর জেলহাজতে আছেন শহীদুল ও রহিমা।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার ওই বাড়িটি ভাড়া নেয় জয়পুরহাটের আক্কেলপুর হাজরা গ্রামের শহীদুল ইসলাম। সেখানে দ্বিতীয় স্ত্রী রহিমা খাতুনের সঙ্গে বসবাস করছিলেন। এক সপ্তাহ আগে দুই সন্তান রিয়াজ ও হৃদয়কে নিয়ে সেখানে আসেন শহীদুলের প্রথম স্ত্রী নুরুন্নাহার। এতে ক্ষিপ্ত হন শহীদুল ও রহিমা। তাঁরা ওই বাড়িতে আটকে রেখে নুরুন্নাহারের ওপর নির্যাতন করতে থাকেন। গত বুধবার রাতে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর এলাকা থেকে নির্যাতনের অভিযোগে আটক হন রহিমা খাতুন ও শহীদুল ইসলাম।
স্থানীয় বাসিন্দা মোস্তান আলী জানান, বুধবার রাতে তিনি ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার শুনে পুলিশকে খবর দেন। পুলিশ এসে নুরুন্নাহারকে উদ্ধার করে নিয়ে যায়। তখন পালিয়ে যান শহীদুল ও রহিমা। ঘটনার সময় তিন শিশুই ওই বাড়িতে ছিল। রহিমাকে উদ্ধারের সময় পুলিশ ঘরের মধ্যে শিশুদের রেখে তালা দিয়ে চাবি তাঁর (মোস্তান) কাছে দিয়ে গেছে, আর বলে গেছে দেখাশোনার জন্য।
মোস্তান আলী প্রথম আলোকে বলেন, ‘শিশুরা ঘরের মধ্যেই আছে। তাদের বাইরে যেতে দিতে পারছি না। বাড়িতে থাকলে নিজে ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে বাচ্চাদের খোঁজখবর নিচ্ছি। বাকি সময় অন্যরা জানালা দিয়ে খাবার দিচ্ছেন। রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়লে বাড়িতে গিয়ে ঘুমাই। এই অবস্থায় দুই দিন চলে গেল। এখন শিশুদের নিয়ে কী করব, ভেবে পাচ্ছি না।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বাচ্চাদের তাদের পরিবারের কাছে পাঠানোর চেষ্টা চলছে। এখনো কোনো যোগাযোগ করতে না করায় পাঠানো সম্ভব হয়নি। আর শিশুদের স্থানীয় যে ব্যক্তির জিম্মায় রেখে আসা হয়েছে মুঠোফোনে তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ করে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ওসি আরও জানান, আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর নির্যাতিত গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতে ঢাকায় পাঠানো হয়।