তালাবদ্ধ ঘরে নারীর অর্ধগলিত লাশ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গাড়ফা গ্রামে আজ শনিবার সকালে তালাবদ্ধ ঘর থেকে রাশেদা খানম (৩০) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাশেদা খানমের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামে। গত ২৭ জুন থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বামী সোহেল আহম্মেদের সঙ্গে চার বছর আগে বিবাহবিচ্ছেদ হয় রাশেদার। সোহেলের বাড়ি রাজবাড়ী জেলার ধুমছি গ্রামে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনামের ভাষ্য, গাড়ফা গ্রামের খন্দকার রেজাউল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন রাশেদা। ওই বাড়ির তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ আসছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে তালা ভেঙে ঘরের ভেতরে কাঁথায় মোড়ানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে।
ওসি খায়রুল আনাম আরও বলেন, ‘নিহত নারীর বড় ছেলে রাসেল মায়ের পরিচয় শনাক্ত করেছে। প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে মনে হচ্ছে।’ তিনি আরও বলেন, রাশেদা ফেরি করে শাড়ি কাপড় বিক্রি করতেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে তাঁর আরেকটি ভাড়া বাসা আছে। দুই ছেলেকে নিয়ে বাঁশবাড়িয়া গ্রামের ওই বাড়িতে থাকতেন তিনি।
ওসি জানান, ঈদের পরদিন ২৭ জুন বিকেলে বাজারে যাওয়ার কথা বলে টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামের ভাড়া করা বাড়ি থেকে বের হন রাশেদা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে নিখোঁজের বিষয়ে কোনো সাধারণ ডায়েরি (জিডি) হয়নি।
ময়নাতদন্তের জন্য রাশেদার মরদেহ দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।