তালাবদ্ধ বাসা থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার ২৩ দিনের মাথায় গত মঙ্গলবার রাতে পুলিশ তালা ভেঙে ওই বাসা থেকে স্ত্রী পরিচয় দেওয়া নারীর (২৭) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। ভাড়া নেওয়ার সময় তিনি নিজের নাম বলেছিলেন শাহানাজ বেগম।
দক্ষিণখান থানার পুলিশ বলেছে, ১ ফেব্রুয়ারি নিজেদের মহসিন গাজী ও শাহানাজ বেগম এবং পরস্পর স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে আশকোনা বড় মসজিদ রোডের একটি বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। ওই সময় তাঁরা বলেছিলেন, তাঁদের গ্রামের বাড়ি রাজবাড়ীর মরডাঙ্গায়। দিনে-রাতে ওই বাসায় অনেক অচেনা মানুষ আসতেন। তবে ১৯ ফেব্রুয়ারি থেকে বাসাটি তালাবদ্ধ ছিল। গত মঙ্গলবার বিকেলে ওই বাসা থেকে উৎকট গন্ধ বের হতে থাকে। এতে সন্দেহ হওয়ায় বাড়ির মালিক দক্ষিণখান থানায় জানান। রাত নয়টার দিকে পুলিশ ওই বাসায় গিয়ে তালা ভেঙে মেঝেতে জাজিমের ওপর থেকে শাহানাজের লাশ উদ্ধার করে। তাঁর গলায় ওড়না গিঁট বাঁধা ছিল। লাশ ছিল অর্ধগলিত।