তালাবদ্ধ বাসায় যুবকের গলা কাটা লাশ
চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের তামাকুমণ্ডি লেনের একটি বাসা থেকে মো. নাজিম উদ্দিন (২৫) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে ওই বাসার তালা ভেঙে পুলিশ লাশটি উদ্ধার করে।
নাজিমের বাড়ি সাতকানিয়া উপজেলার সোনারকানিয়া ইউনিয়নের হাতিয়ারপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. ইউনুস। নাজিম তামাকুমণ্ডি লেনের জনতা মার্কেটের পঞ্চম তলার ওই বাসায় ভাড়া থাকতেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শংকর তালুকদার প্রথম আলোকে বলেন, নাজিমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি যে বাসায় থাকতেন, ওই বাসার অন্য বাসিন্দাদের পাওয়া যাচ্ছে না। নাজিমের মুঠোফোনটিও পাওয়া যায়নি। মাদক ব্যবসার সঙ্গে নাজিমের জড়িত থাকার বিষয়ে পুলিশ কিছু তথ্য পেয়েছে। বিস্তারিত তদন্তের পর খুনের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যাবে।
এই হত্যাকাণ্ডে নাজিমের বন্ধুরা জড়িত বলে সন্দেহ করছেন তাঁর (নাজিম) পরিবারের সদস্যরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে কথা হয় নাজিমের বড় ভাই মো. সেলিমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, রহমানিয়া ম্যানশন নামের একটি জুতার দোকানে নাজিম চাকরি করতেন। এক বছর আগে তাঁর চাকরি চলে যায়। এরপর থেকে তিনি বেকার ছিলেন। এর মধ্যে তিনি দুবার দুটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান। দেড় মাস আগে তিনি কারাগার থেকে বের হয়ে আসেন।
সেলিম বলেন, ‘রোববার সকাল থেকেই নাজিমের সব কটি মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁর বাসায় গিয়ে তালা ঝুলতে দেখা গেছে। সারা দিন খোঁজাখুঁজি করে না পেয়ে রাত পৌনে একটার দিকে কয়েকজন মিলে নাজিমের ঘরের তালা ভেঙে ভেতরে যাই। ভেতরে ঢুকে তাঁর লাশ পড়ে থাকতে দেখি। পরে পুলিশকে খবর দিই।’
কয়েকজন বন্ধুর সঙ্গে নাজিম ওই বাসায় থাকতেন বলে জানান তাঁর ভাই মো. সেলিম। ময়নাতদন্তের পর নাজিমের লাশ তাঁর পরিবারের কাছে দেওয়া হয়েছে।