তালায় বাঘের চামড়া উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার কদমতলা এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে একটি বেঙ্গল টাইগারের (বাঘ) চামড়া উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মাহফুজুল ইসলাম সাতক্ষীরা র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে এক ব্রিফিংয়ে জানান, পাচারকারী চক্রের এক সদস্য একটি বেঙ্গল টাইগারের চামড়া নিয়ে তালা উপজেলার কদমতলা এলাকায় অবস্থান করছেন বলে গতকাল তাঁরা খবর পান। তাঁরা ক্রেতা সেজে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খলিষাবুনিয়া গ্রামের দ্বীন মোহাম্মদ গাইনের (৩২) সঙ্গে যোগাযোগ করতে থাকেন। একপর‌্যায়ে তাঁর সঙ্গে চামড়াটি কেনার জন্য দেড় লাখ টাকায় চুক্তিবদ্ধ হন। বেলা একটার দিকে তালার কদমতলা থেকে বেঙ্গলের একটি চামড়াসহ দ্বীন মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, বাঘের চামড়াটির দৈর্ঘ্য লেজসহ আট ফুট নয় ইঞ্চি। এ ঘটনায় র‌্যাব তালার পাটকেলঘাটা থানায় মামলা করবে বলে তিনি জানিয়েছেন।
দ্বীন মোহাম্মদ গাইন স্বীকার করেন, প্রায় দুই মাস আগে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেঁতকাশি এলাকার কয়েকজন মিলে সুন্দরবন থেকে বাঘটি শিকার করে। পরে কয়েকজনের কাছে প্রাণীটির অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করা হয়। তিনি শ্যামনগর উপজেলার পাশ্বেমারী এলাকার ইউনুছ আলী গাজীর মাধ্যমে ৫০ হাজার টাকায় চামড়াটি কেনেন। এরপর চামড়াটি তাঁর এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখেন।
বন বিভাগের একজন কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে বনদস্যুরা সুন্দরবনে দেশের ঐতিহ্যবাহী বেঙ্গল টাইগার ও হরিণ হত্যা করছে। পরে বেঙ্গল টাইগার ও হরিণের চামড়াসহ অঙ্গপ্রত্যঙ্গ দেশ-বিদেশে পাচার করছে। দেশের বাজারে উদ্ধার করা চামড়াটির দাম ১০ লাখ টাকা বলে তিনি জানান।
এর আগে গত বছরের ১৬ অক্টোবর সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা থেকে দুটি বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার করেছিল র‌্যাব।